× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পরিচয়ে ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১১:১৯ এএম

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড়পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।

একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহের কথা জানিয়ে গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেন ফারিণ। নেটিজেনদের কাছে জানতে চান তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে নানা পরামর্শ দিয়েছেন অনেকে। এক গণমাধ্যমকে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছেন তিনি। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন প্রতিষ্ঠানের নাম। ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’ ফারিণ আরও জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ‘রঙে রঙে রঙিন হব’ দিয়ে গানেও পরিচিতি পান ফারিণ। এতে তার সহশিল্পী ছিলেন তাহসান খান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদিতে প্রচারের পর জনপ্রিয় হয় গানটি। এরপরেই নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছিলেন ফারিণ।

নিজের গাওয়া নতুন গান দিয়েই প্রযোজনা শুরু করছেন ফারিণ। এবারের গানটিরও সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন ইমরান। ইতোমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। গানের শিরোনাম, গীতিকার, ভিডিও নির্দেশকের নামসহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না। কিছুদিন পরে জানাবেন আনুষ্ঠানিকভাবে। তবে ফারিণ জানিয়েছেন, নতুন গানটি সব মিলিয়ে ভালো হয়েছে। আগেরটির মতো এ গানও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এত দূর এখনও ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে। এরপর নতুন পরিকল্পনা করব। তবে এটুকু বলতে পারি, প্রতিষ্ঠান যেহেতু শুরু করছি, এখান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কম দেখা যাচ্ছে ফারিণকে। ‘ইনসাফ’ মুক্তির পর এখনও নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার। এ নিয়ে ফারিণের বক্তব্য, ‘আমি সব সময় ভিন্ন ধরনের কাজ উপহার দিতে চাই। সব প্রজেক্ট না করে মানসম্মত কাজগুলো করতে চাই। এটা সত্যি, আগের তুলনায় কাজ কম হচ্ছে। তবে আশা করছি, শিগগির দর্শকদের সুসংবাদ দিতে পারব।’ সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে হাজির হয়ে পারফিউম সম্পর্কে নিজের পছন্দ ও অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী। সেই পারফিউমের শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এই আয়োজনে ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এই আয়োজনের অংশ হতে পেরেছি।’

পারফিউমের ধরন ও ব্যবহারের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘পারফিউম তো অনেক ধরনেরই আছে। রোল অন, স্প্রে, মিস্ট বা উডÑ সব ধরনেরই ব্যবহার করা হয়। আমি ব্যক্তিগতভাবে লেয়ারিং করতে খুব পছন্দ করি। মানে শুধু একটা নয়, দুই-তিনটা পারফিউম একসঙ্গে ব্যবহার করলে ভিন্নরকম একটা ঘ্রাণ তৈরি হয়। একটা ফেড হয়ে গেলে অন্যটার সুগন্ধ টিকে থাকে; ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ।’ পারফিউম উপহার পাওয়া নিয়ে ফারিণ বলেন, ‘একটা পারফিউম উপহার পাওয়া সত্যিই দারুণ লাগে। আমার মনে হয়, উপহার দেওয়া মানুষটার রুচি ও টেস্টও এতে বোঝা যায়। অনেক সময় এমন হয়, গিফট হিসেবে পাওয়া কোনো পারফিউম এত ভালো লাগে যে পরে নিজেই সেটা কিনে ব্যবহার করি। অন্যের পছন্দ থেকে নতুন ধারণাও পাওয়া যায়, যে সুগন্ধটা আমাকে আরও মানিয়ে যাচ্ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা