প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ১২:৪৪ পিএম
সাদিয়া আয়মান
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ২০১৯ সালে প্রথম নাটকে কাজ করলেও আলোচনায় আসেন মিজানুর রহমান আরিয়ানের ‘ফুলের নামে নাম’ নাটকের মধ্য দিয়ে। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘উৎসব’-এ ‘জেসমিন’ চরিত্রটি বেশ আলোচনায়; ফলে এখনও দর্শকদের ভালোবাসায় ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী সাদিয়া আয়মান ও পরিচালক রেদওয়ান রনিকে নিয়ে দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে যে প্রেমের গুঞ্জন চলছিল। সম্প্রতি তা ভেঙে যাওয়ার নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ হিসেবে নির্মাতার অন্য এক নারীর সঙ্গে প্রেমের কথা শোনা যাচ্ছিল। তবে এই গুঞ্জনকে ভুল তথ্য আখ্যা দিয়ে সাদিয়া আয়মান স্পষ্ট করেছেন যে, রনির সঙ্গে তার সম্পর্কের ভিত্তি প্রেম নয়, বরং গভীর বন্ধুত্ব এবং তারা কখনোই এর চেয়ে বেশি কিছু ছিলেন না। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা না যাওয়ার কারণ ব্যাখ্যা করে সাদিয়া জানান, তার নিজের শুটিং এবং রনির সিনেমা তৈরির মতো পেশাগত ব্যস্ততার কারণেই মূলত জনসমক্ষে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকেরই একটি আলাদা জীবন ও কাজের ক্ষেত্র রয়েছে।
তিনি আরও বলেন যে, রনি যদি অন্যকারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান, তবে বন্ধু হিসেবে তাতে তার কিছু বলার নেই, তবে তার জানা মতে রনি বর্তমানে কাজ নিয়েই বেশি ব্যস্ত। অভিনেত্রী দৃঢ়ভাবে বলেন, তাদের মধ্যে এখনও খুব ভালো বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বিদ্যমান, শুধু ব্যস্ততার কারণে সাময়িকভাবে দেখা কম হচ্ছে।
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সব সময়ই থাকেন আলোচনায়Ñ কখনও অভিনয়ের জন্য, কখনও ব্যক্তিগত জীবনের গুঞ্জনে। এর আগে একাধিক অনুষ্ঠানে সাদিয়া ও রনিকে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময় সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আবার অন্য এক ইভেন্টে দেখা যায়নি রনিকে। এই অনুপস্থিতিই প্রেমভাঙার গুঞ্জনে আরও আগুন জ্বালায়।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাদিয়া বলেন, ‘সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই ওর সঙ্গে আমাকে দেখেননিÑ সেটাই তো স্বাভাবিক। কেন একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় থাকতে হবে? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।’
সাদিয়া আয়মান ঘুরতে ভালোবাসেন। প্রায়ই তিনি ঢুঁ মারেন দেশ-বিদেশের নানা গন্তব্যে। সম্প্রতি তিনি পোস্ট করেছেন থাইল্যান্ড সফরের ছবি। পাতায়ার সৈকত থেকে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন সাদিয়া আয়মান। ক্যাপশনে লিখেছেন, ‘শান্তি।’ চলতি বছর বেশ কয়েকটি আলোচিত প্রকল্পে দেখা গেছে অভিনেত্রী। সবশেষ আলোচনায় ছিলেন চরকিতে মুক্তি পাওয়া ভিকি জাহেদের ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’ দিয়ে। অন্ধ বালক-এ অর্ক চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব; দিনা চরিত্রে আছেন সাদিয়া আয়মান। অর্ক-দিনার প্রেমের মাঝখানে হঠাৎই চলে আসে ‘অন্ধ বালক’-এর প্রসঙ্গ। কেননা দিনার বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, মেয়ের সঙ্গে অন্ধ এক তরুণের বিয়ে হবে। বাবার ভবিষ্যদ্বাণীর সূত্রে অর্ক-দিনার সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করতে থাকে।

সাদিয়া আয়মান বলেন, ‘ভিকি ভাইয়ের পরিচালনায় এটি আমার প্রথম কাজ। অর্ককে ভালোবাসে দিনা, আবার বাবারও সে ভীষণ বাধ্য সন্তান। বাবার সঙ্গে অর্কর নানা সমীকরণের মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে দিনা। দর্শক কনটেন্টটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’ প্রকল্পটি নিয়ে সময়ের আলোচিত এই অভিনেত্রী বলেন, ‘কাজটি গত বছর করেছিলাম। এখনও কনটেন্টটি দেখার সুযোগ হয়নি। তবে তৌসিফ ভাই জানিয়েছেন, আমার কাজ নাকি খুব ভালো হয়েছে।’
এ ছাড়া চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূরের সিনেমা ‘উৎসব’-এ জেসমিন চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী মনে করেন, টানা কাজের ফাঁকে বিরতি নিয়ে ঘোরাঘুরি করতে হয়। তিনি মনে করেন, ঘোরাঘুরি মানুষকে একটু প্রশান্তি দেয়। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘একটা চরিত্রে যখন অনেক দিন থাকি, মনে হয়, যদি ঘুরে আসি, তা দেশে হোক বা দেশের বাইরে, মনটা সতেজ হয়। নতুন করে আবার ভাবতে পারি।’