× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্স্টলুকে শাকিবের গর্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৩:০৬ পিএম

ফার্স্টলুকে শাকিবের গর্জন

চিত্রনায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে কয়েক মাস হলো ঢালিউডে চলছে নতুন আলোচনার ঝড়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম- সর্বত্রই এখন এই সিনেমাকে ঘিরে জল্পনা-কল্পনা, গুঞ্জন আর প্রত্যাশার হাওয়া। এরই মধ্যে এলো শাকিবের ফার্স্টলুক ট্রেলার। ‘সোলজার’-এর ফার্স্টলুক ট্রেলারে শাকিকে পাওয়া গেল সম্পূর্ণ নতুন এক রূপ। এবার তিনি কেবল তারকা নন, যেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরা দিলেন।

৩৩ সেকেন্ডের ট্রেলারে ঘড়ির কাটার সঙ্গে দেখা গেল বাংলাদেশর পতাকা, যার ওপর দিয়ে উড়ে যায় হেলিকপ্টার। এরপর অ্যাকশন দৃশ্য শেষে শাকিব খানের লুক। শাকিবের কণ্ঠে শোনা গেল একটি মাত্র ডায়ালগ, তা হলো- ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি।’ দেখেই মনে হচ্ছে এটি একজন সৈনিকের গল্প।

নির্মাতা সাকিব ফাহাদের ভাষ্যমতে, সিনেমাটি কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়। এটি নতুন প্রজন্মের সেই তরুণদের গল্প- যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে। নির্মাতার কথায়, ‘আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে; যে নিজের অবস্থান থেকে প্রতিদিন লড়াই করে যায়। তাই ‘সোলজার’ কেবল সংগ্রামের গল্প নয়, এটি আশাবাদের গল্পও। সংকট যতই আসুক, মানুষ যে আশা হারায় নাÑ সেই বার্তাই এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে।

নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিব খান বলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে, একদম ভিন্ন রূপে আমাকে দেখতে পাবেন দর্শকরা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এই গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রেরণা দেবে, নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহায্য করবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের দাবি, পরিকল্পনা মতো সব কিছু এগোলে, বাংলা সিনেমার ইতিহাসে ‘সোলজার’ এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী। এটির চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু।

তৌকীর আহমেদ জানান, দুই-তিন বছর পর সিনেমায় কাজ করছেন। চরিত্রটি পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন। গত রবিবার থেকে শুটিংয়ে যোগ দেন তৌকীর। বলেন, সিনেমার শুটিংয়ে ফিরে খুবই ভালো লাগছে। আশা করছি, ভালো কিছু হবে।’ তবে কোন চরিত্রে অভিনয় করছেন- এখনই তা খোলাসা করতে চাইলেন না তিনি।

সানের সঙ্গে শাকিবের চুক্তি

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। সম্পাদিত চুক্তির আওতায় মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে দুটি সিনেমা করবেন ঢালিউড তারকা। জানা গেছে, এর মধ্যে একটি সিনেমা সোলজারের শুটিং শুরু হয়ে গেছে। অন্য সিনেমাটির নামও বিস্তারিত শিগগিরই জানানো হবে।

চুক্তি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দেশের বাইরে শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করেন। তাই বলব, এই চুক্তির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের উন্মোচন হলো।’ সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধু চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’ সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা