প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:৩৭ পিএম
পরীমনি
পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ঢালিউড নায়িকা যাই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।

এ ছাড়া ব্যক্তি জীবনে নাম জড়িয়েছে একাধিক মামলায়। সব ধাক্কা সামলেও উঠেছেন। তবে পরীর মতে, তার কোনো শত্রু নেই। তিনি কাউকে শত্রুর চোখে দেখেন না। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হয়ে এসব কথা বলেন পরীমনি। জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন এ চিত্রনায়িকা। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাকে বারবার একটিই প্রশ্ন করা হয়েছিল তিনি কাউকে শত্রু মনে করেন কি না এবং কারও নাম বলতে চান কি না। পরীমনি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি এই প্রশ্নটি বারংবার করেছে। পরীমনি আরও বলেন, ‘আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই। সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কি না? কোনো নাম বলবেন কি না?’
তিনি বলেন, ‘আমার কোনো শত্রু নাই। আমি না, আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি আসলে কারও সঙ্গে মাথা ফাটাফাটি করিনি, গালাগাল করিনি, জমি দখল করিনিÑ তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো।’ অনুষ্ঠানের সঞ্চালক একপর্যায়ে তাকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’ এমন প্রশ্নের উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।’

এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে পরীমনি কি সিঙ্গেল? জবাবে পরী হেসে বলেন, ‘না।’ তারপর আবার যোগ করেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউই বিশ্বাস করবে না।’ কেন করবে নাÑ এমন প্রশ্নে তিনি মুচকি হেসে বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করি না! আমার সামহাউ (somehow) সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি, এটা থাকা আসলে ভালো।’ প্রেমের পর আলাপ ঘুরে যায় বিয়ের প্রসঙ্গে। সঞ্চালক জানতে চান, ‘তুমি মোট কতবার বিয়ে করেছ?’ জবাবে পরীমনি হেসে বলেন, ‘একবার।’ তখন সঞ্চালক প্রশ্ন করেন, ‘মানে শরীফুল রাজের কথাই বলছ? তাহলে বাকিদের বিয়ের খবর আমরা শুনি কেন?’ উত্তরে পরীমনি রসিক ভঙ্গিতে বলেন, ‘জানি না, মনে হয় ওরা সবাই সৎস্বামী! (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজ ছাড়াও পরীমনির সঙ্গে শোবিজ অঙ্গনে আরও অনেকের নাম জড়িয়েছে নানা সময়। এমনকি শোবিজে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেনÑ এমন গুঞ্জনও ছড়িয়েছিল বহুবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও তীব্র হয়। ‘ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?’Ñ এই প্রশ্নের জবাবে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ এরপর সঞ্চালক জানতে চান, ‘তুমি তাহলে কতবার বিয়ে করতে চাও?’ উত্তরে পরীমনি বলেন, ‘আমার না, আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে! ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু এই কথাটা যে রিউমার (গুঞ্জন) হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা কখনও ভাবিনি। জানলে নিশ্চয়ই এমন কথা বলতাম না!’
আগের চেয়ে অনেক বেশি পরিণত পরীমনি বলেছেন, ‘এখন আমি অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’ এর আগে অভিনেত্রী বলেছিলেন, এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য।
পডকাস্টে পরীমনি বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে। পরীমনি বলেন, ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনও ব্যর্থ হতে দেব না। এদিকে পরী পডকাস্টের লিংক নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে লিখেছেন, আমার জীবনে কোনো কিছু ভুল না। সব কিছু একটা অভিজ্ঞতা।