প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম
থালাপতি বিজয়
তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫১ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সমাবেশে প্রাণহানির ঘটনার পর সামাজিক মাধ্যম এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন। তার দল টিভিকে আগামী ২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।
তবে এই বিশাল জনসমাগম বারবার নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করছে। গত বছরও তার এক সমাবেশে অন্তত ছয়জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল।