প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৩ পিএম
সোহিনী সরকার
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্প্রতি দেব অভিনীত আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর প্রচারে সোহিনীর সক্রিয় অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেব, ইধিকা, অনির্বাণসহ পুরো টিম রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তাদের প্রচারে সোহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ নজর কেড়েছে। তবে সোহিনীর সেই ছবি দেখে কুণাল ঘোষ এক পুরনো বিতর্কের প্রসঙ্গ টেনে আনেন। এক বছর আগে আর জি কর হাসপাতালের আন্দোলন নিয়ে সোহিনী একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না।’

এবার ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচারে সোহিনীকে দেখে কুণাল ঘোষ পুরনো সেই মন্তব্যের সূত্র ধরে সামাজিক মাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট করেন। তিনি সোহিনীর একটি ছবি শেয়ার করে লেখেন, ‘বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্পঝম্ফও করা যায়।’
এই মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।