প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১২:২৮ পিএম
সামিনা চৌধুরী।
কিছু গান মানুষের হৃদয়ে গেঁথে থাকে। মুগ্ধ হয়ে বারবার শুনলেও শোনার আগ্রহ কমে না। তেমনই একজন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ প্রভৃতি গান কণ্ঠে তুলে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন তিনি। গানের ভুবনে সামিনা চৌধুরী অনন্য, অসাধারণ। আজ এই প্রখ্যাত শিল্পীর জন্মদিন।
সামিনা চৌধুরী ১৯৬৬ সালের ২৮ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে। সংগীত পরিবারে বেড়ে ওঠার সুবাদে ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য। ১১ বছর বয়সে নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি মাগো’ সিনেমার টাইটেল গান দিয়েই চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ। গানটি ব্যাপক প্রশংসিত হয়। একে একে উপহার দেন ‘আমার দুই চোখে’, ‘আমার বুকের মধ্যেখানে’, ‘একবার যদি কেউ’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘হও যদি ঐ নীল আকাশ’ প্রভৃতি গান। ১৯৮৬ সালে প্রকাশ হয় ‘শৈশবের দিনগুলো’ শিরোনামে সামিনা চৌধুরীর প্রথম অডিও অ্যালবাম। দীর্ঘ ক্যারিয়ারে অনেক পুরস্কার-সম্মাননা জয় করেছেন তিনি। তার মধ্যে ১৯৮১ সালে আলাউদ্দিন আলীর সুরে ‘জন্ম থেকে জ্বলছি’ এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘নয়নের আলো’ সিনেমায় গান গেয়ে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ‘রানি কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৬ সালে।