প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৫২ এএম
রাফিয়াত রশিদ মিথিলা
অভিনেত্রী, গায়িকা, মডেল, শিক্ষক ও উন্নয়নকর্মী- বহুমাত্রিক পরিচয়ে সমৃদ্ধ রাফিয়াত রশিদ মিথিলা।
শোবিজে দীর্ঘদিনের উপস্থিতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি নারীর দৃঢ়তার অনুপ্রেরণা। এবার জানালেন নতুন সাফল্যের খবর- সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন তিনি। সোমবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে এ আনন্দঘন সংবাদ শেয়ার করেন মিথিলা।
মিথিলা লিখেছেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি; যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’
অভিনেত্রী আরও জানান, তার জন্য ‘কম ভ্রমণ করা পথ’ বেছে নেওয়ার অর্থ ছিল একই সঙ্গে পূর্ণকালীন পেশাগত জীবন, অভিনয়ের কাজ এবং পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রির পথচলা অব্যাহত রাখা। এই অভিজ্ঞতা তাকে দৃঢ়তার শ্রেষ্ঠ পাঠ দিয়েছে।
পরিবার ও কাছের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিথিলা বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞ, যাদের অকুণ্ঠ সমর্থন আমাকে এই যাত্রায় টিকিয়ে রেখেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব। একটি উপাধি, যা আমি নিরলস পরিশ্রম করে অর্জন করেছি।’