প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১০:৫০ এএম
আজ ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস। এই বিশেষ দিনটি ঘিরে কবির কালজয়ী সৃষ্টি নিয়ে বিভিন্ন চ্যানেলে থাকছে নানা আয়োজন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে ঘিরে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে নজরুলসংগীতের অন্যতম প্রধান শিল্পী ফেরদৌস আরার একক পরিবেশনা ‘মোরা আর জনমে’। এবারের আয়োজনকে বলা হচ্ছে একেবারেই ব্যতিক্রমী। কারণ এই প্রথম পর্যটন নগরী কুয়াকাটার সমুদ্রসৈকতের বালুকাবেলা ও প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শুটিং করা হয়েছে নজরুলের গান। অনুষ্ঠানটিতে থাকছে নজরুলের বেশকিছু জনপ্রিয় গান।
এর মধ্যে উল্লেখযোগ্য ‘তেপান্তরের মাঠে’, ‘মোরা আর জনমে’, ‘এ কোন মায়ায়’ ও ‘দোলে বন-তমালের ঝুলনাতে’। বিশেষভাবে আলোচনায় রয়েছে দোলে বন-তমালের ঝুলনাতে গানটি, যা এবারই প্রথমবারের মতো আউটডোর লোকেশনে ধারণ করা হয়েছে। কুয়াকাটা ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানের মনোরম লোকেশন ব্যবহার করা হয়েছে এ গানের ভিডিওচিত্র ধারণে। প্রাকৃতিক পরিবেশে নজরুলের গানের সঙ্গে সুর, বাণী ও আবেগের এক অনন্য সমন্বয় দর্শকের কাছে বিশেষ আবেদন সৃষ্টি করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।
দুরন্ত টিভিতে আয়োজন করা হয়েছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘সাধনা’র নৃত্যশিল্পীÑ রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়। ‘উন্নত মম শির’ অনুষ্ঠানটিতে দ্রোহ, প্রেম ও সাম্যের কবি নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে এক সঙ্গে বিন্যস্ত করেছেন নৃত্য পরিচালক অমিত চৌধুরী। যেখানে ব্যবহৃত হয়েছে কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা। যার মধ্যে আছে কবিতা-বিদ্রোহী ও নারী, গান-মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, গঙ্গা সিন্ধু নর্মদা, শিউলি তলায় ভোর বেলা, রুমঝুম রুমঝুম ও এলো ঐ বনান্তে পাগল বসন্ত। পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’ প্রচারিত হবে আজ বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬টায়।
কবির কালজয়ী গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকটি পরিচালনায় রয়েছেন মুশফিকুর রহমান গুলজার। গল্পটি আবর্তিত হয়েছে এক প্রেমিকার গভীর আবেগ ও আকুতির আশ্রয়ে। অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেনÑ তুষার খান, সাবিহা মালিহা শখ, আনন্দ ও শেলী। টেলিফিল্মটি আজ বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। নজরুল প্রয়াণ দিবসকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নানামাত্রিক নাটক, টেলিফিল্ম ও অনুষ্ঠান। তার ভিড়ে ইমন-ফারিয়ার টেলিছবিটি দর্শকের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা দুই তারকার।