× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১১:৫৩ এএম

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরে নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি। দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, শাকিব খান নাকি এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন। গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।

এদিকে ঈদুল আজহার আগে দেশের বাইরে গিয়েছিলেন, ফেরার পর এখন অবসর যাপন করছেন তানজিন তিশা। প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। তিশা জানান, এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’। সম্প্রতি গণমাধ্যমে তিশা বলেন, ‘প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।’

বলিউড অভিনেতা শরমন যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামের একটি সিনেমায় তার অভিনয়ের খবর সম্প্রতি প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু না জানিয়ে তিশা বলেন, ‘সিনেমাটিতে আমি অভিনয় করছি এমন অনেক নিউজ হয়েছে। আমিও দেখেছি। নিউজ তো আসলে অনেক হয়। সেসব নিউজে কতটা সত্যতা থাকে, কতটা থাকে নাÑ তা অডিয়েন্স ভালোই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব।’

তিশার মতে, চলচ্চিত্র প্রতিটি শিল্পীর কাছেই বিশেষ একটি মাধ্যম। তিনি বলেন, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প পেলে, ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে, আমিও অবশ্যই সিনেমা করব। যেহেতু আমি বাংলাদেশি মেয়ে, বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সব সময় বেশি।’ শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, নাটক বা সিরিজ নির্মাণের সময় নেপথ্যে অনেক পরিশ্রম ও ঝুঁকি থাকে, যা দর্শকদের চোখে পড়ে না। তবে ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও তা বড় কোনো বাধা নয় বলেও মত দেন তিনি।

যদিও শরমন যোশীর সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি, তবু এটিকে ক্যারিয়ারের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তিশা। তার ভাষায়, ‘যদি সত্যিই সিনেমাটি করি, তবে এটা খুশির খবর হবে। শরমন যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবে।’

বিভিন্ন গুঞ্জন নিয়েও উদাসীন তিনি। তিশা বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। দর্শকরা আমাকে চেনেন আমার কাজের মাধ্যমে। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দ পাই।’ চলতি মাসের শেষে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হতে যাচ্ছে নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা