প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১২:১২ পিএম
নাট্যকার সেলিম আল দীনের আজ ৭৬তম জন্মদিন।
ঐতিহ্যবাহী বাংলা নাটকের রচনারীতি ও পরিবেশনাশৈলীর নতুন রূপকার নাট্যকার সেলিম আল দীনের আজ ৭৬তম জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে এ নাট্যব্যক্তিত্ব ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করেন। সেলিম আল দীন তার কর্মজীবন শুরু করেছিলেন একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে।
চাকরিজীবন শুরু করলেও পরে তিনি শিক্ষকতা পেশাই বেছে নেন। ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং আমৃত্যু এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সেলিম আল দীন। সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হয়েছে এ উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ১৫ থেকে ১৭ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘দেয়াল’। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। অভিনয়ে ছিলেন ঢাকা থিয়েটারের নাট্যশিল্পীরা। উৎসবের শেষ দিন আজ মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’। এদিন নাটকটির ৯০তম প্রদর্শনী হবে।
নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নির্মিত ‘নিমজ্জন’-এর গল্পে দেখা যায় বিশ্ব ভ্রমণ শেষে এক আগন্তুক মৃত্যুশয্যায় শায়িত বন্ধুর সঙ্গে দেখা করতে ত্রিনদীর মোহনায় গড়ে ওঠা এক শহরে আসে। স্টেশনে নেমে সে একে একে দেখতে পায় এক কুলির ঝুলন্ত লাশ, অদ্ভুতদর্শন এক বৃদ্ধ, স্টিমারে হলোকাস্ট, নাড়িভুঁড়ি বেরিয়ে আসা এক রূপসী নারী। এগিয়ে যেতে যেতে আগন্তুক আরও দেখে বরফের চাঙ্গড়ে ছড়িয়ে থাকা অসংখ্য শিশুর লাশ, ধর্ষণের পর জিহ্বা কেটে নেওয়া এক শিশুর দেহ, কান্দাহারের মমি, মাদ্রিদের গণহত্যা, চিলির কবি পাবলো নেরুদার ফিন্দেমুন্দো শোকগীতি আর স্টেডিয়ামের গ্যালারিতে ক্ষুরের আঘাতে নিহত প্রায় দেড় হাজার দর্শক। এসব দৃশ্যের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী। ‘নিমজ্জন’-এ অভিনয় করেছেন মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সিরাজুল ইসলাম, মোস্তাফা রতন, তরিকুল ইসলাম লিটনসহ অনেকে। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিমুল ইউসুফ।