প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৪:২২ পিএম
বাঁ থেকে চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও রেদওয়ান রনি
জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন নতুন চলচ্চিত্র ‘দম’-এ। আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে এ সিনেমা, যা তুলে ধরবে এক সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ শক্তির গল্প। রেদওয়ান রনি বলেন, ‘এই গল্পটা আমার বহুদিনের খোঁজ।’ ‘দম’ মানে শুধু নিঃশ্বাস নয়, এটা একজন সাধারণ মানুষের ‘জ্বলে ওঠার’ রূপক। এতে ‘কমন ম্যান’-এর যে ক্ষমতা, তা আমাদের সবার জন্যই অনুপ্রেরণা হয়ে উঠবে।
অন্যদিকে আফরান নিশোর ভাষায়, “এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে আমার জানা নেই। দম হবে একটি সারভাইভাল ইনস্পিরেশনাল গল্প। এ ধরনের গল্পের প্রতি আমার আলাদা টান আছে। এতে থাকে উত্তেজনা, থাকে চ্যালেঞ্জ। ‘দম’–এ পারফরম্যান্সে প্রচুর চ্যালেঞ্জ আছে, যা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আমি ব্যক্তিগতভাবে দেশে এ ধরনের সিনেমা দেখিনি। টেলিভিশন এবং ওটিটিতে দীর্ঘদিন কাজ করলেও আফরান নিশো ও রেদওয়ান রনি এবারই প্রথম একসঙ্গে কাজ করছেন, তা-ও সিনেমায়।” নিশো বলেন, আমি অপেক্ষায় আছি শুটিংয়ের জন্য। কারণ ‘দম’–এর গল্পে অনেক লেয়ার আছে। অভিনয়ের দিক থেকে চরিত্রটি খুবই সমৃদ্ধ। আমার আগের সিনেমা ‘সুড়ঙ্গ’ আর ‘দাগি’ ছিল গল্পনির্ভর, পারফরম্যান্সনির্ভর। ‘দম’ও তার ব্যতিক্রম নয়। বরং বলব, আরও বড় ক্যানভাসের গল্প এটি। নির্মাতা রেদওয়ান রনি খুবই ডেডিকেটেড ও সৎ। ফলে চ্যালেঞ্জটা নিতে ভালোই লাগছে। রেদওয়ান রনির সঙ্গে নিশোর এটি প্রথম সিনেমা হলেও বিষয়টি নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। বলেন, “আমার আগের সিনেমা ‘সুড়ঙ্গ’ বা ‘দাগি’ ছিল পারফরম্যান্সনির্ভর। ‘দম’ তার থেকেও বড় ক্যানভাসে নির্মিত হচ্ছে। এমন নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও আমার জন্য ভাগ্যের ব্যাপার।”
প্রথম দিকে ঘোষণায় চঞ্চল চৌধুরীর নাম থাকলেও নিশোর যুক্ত হওয়ার পর অনেকে ভেবেছিলেন, হয়তো চঞ্চল আর থাকছেন না। সেই সন্দেহ দূর করে নির্মাতা স্পষ্ট জানিয়েছেন, ‘দম’-এ চঞ্চল চৌধুরীও অভিনয় করছেন। ফলে দর্শক একসঙ্গে পাচ্ছেন নিশো ও চঞ্চলকে, যেটি নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ। চঞ্চল বলেন, “রেদওয়ান রনি আবার পরিচালনায় ফিরছেন, এটা আমার জন্য খুশির খবর। ‘দম’-এর গল্প অসাধারণ, আগে এমন চিত্রনাট্যে কাজ করিনি। আমার বিশ্বাস, দর্শক একেবারে অন্য রকম কিছু পাবেন এই সিনেমায়।”
নারী চরিত্রে কে থাকছেন কিংবা শুটিং কোথায় শুরু হবেÑ এসব বিষয়ে যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, নির্মাতা জানান, প্রি-প্রোডাকশন চলছে এবং শিগগিরই সব বিস্তারিত জানানো হবে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘দম’ আমাদের পরবর্তী বড় আয়োজন। বিশেষ করে নিশোকে কেন্দ্র করে আমরা ভাবছি বড় কিছু। দর্শকের প্রত্যাশা এবার আরেক ধাপ এগিয়ে যাবেÑ গল্প, অভিনয়, মেকিং সব দিক থেকেই।