প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১২:৫২ পিএম
নাচ দিয়ে যাত্রা শুরু করলেও তমা মির্জা এখন পরিপূর্ণভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রূপালী পর্দার অভিনেত্রী হিসেবে। সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সাম্প্রতিক বছরগুলোতে যেসব সিনেমায় তিনি কাজ করেছেন, প্রতিটি চরিত্রেই ছিল অভিনয়ের বৈচিত্র্য ও গভীরতা।
সর্বশেষ ‘দাগি’ সিনেমায় তার অভিনয় দর্শক ও বোদ্ধাদের কাছ থেকে পেয়েছে ইতিবাচক প্রতিক্রিয়া। তবে অভিনয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও নতুন কোনো প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তমা জানান, ‘এখনই কিছু বলার সময় নয়। একাধিক প্রজেক্ট নিয়ে কথা চলছে। কিছু চূড়ান্ত হয়নি বলেই অপেক্ষায় আছি। তবে যেটাই হবে, আমি আশাবাদীÑ ভালো কিছুই হবে।’
তমা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার ওপর। তার কথায়, ‘দাগি’ আর ‘আমলনামা’Ñ দুই ছবির গল্প ও চরিত্র একেবারে ভিন্ন। এই ভিন্নতা একজন অভিনেত্রীর জন্য খুব দরকারি। দর্শকও চায় নতুন রূপে দেখতেÑ তাতে আগ্রহ বাড়ে, প্রত্যাশাও তৈরি হয়।
নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সন্তুষ্ট তমা জানালেন, ‘পর্দায় নিজেকে দেখে মনে হয়েছে, পরিশ্রম সার্থক হয়েছে। আমার মধ্যে যে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার ইচ্ছা ছিল, তা কিছুটা হলেও ফুটে উঠেছে। আমাদের ইন্ডাস্ট্রি এখনও সীমিত, বিশেষ করে ঈদ ছাড়া বাকি সময়ের বড় বাজেটের ছবির সংখ্যা কম। এর মধ্যেও প্রশংসা পাওয়াটা অনেক বড়প্রাপ্তি।’ তমা মির্জার কাজ নিয়ে যেমন আলোচনা, তেমনি তার ব্যক্তিগত জীবনও রয়েছে খবরের শিরোনামে। বিশেষ করে পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি।
কেউ কেউ দাবি করেছিলেন, তারা প্রেম করছেন, এমনকি বিয়েও করতে পারেন। তবে তমা এ বিষয়ে স্পষ্ট করে বললেন, ‘সুড়ঙ্গ-এর পর রাফীর সঙ্গে আমার আর কোনো সিনেমা হয়নি। ওটিটিতে একটি কাজ করেছি, তবে এখন আমাদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নেই বললেই চলে। রাফী ভালো পরিচালক, আমাদের কাজগুলো জনপ্রিয় হয়েছে, ব্যবসাসফলও ছিল। এসব কারণেই হয়তো অনেকে আমাদের জুটি মনে করেছেÑ অনস্ক্রিন ও অফস্ক্রিন। কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে এখন কিছু বলার নেই। আর বলার দরকারও নেই। তারকাদের ব্যক্তিগত ব্যাপার আর ব্যক্তিগত থাকে নাÑ এটা আমরা জানি।’ সম্পর্কের ধরন নিয়ে জল্পনার প্রসঙ্গে তমা বলেন, ‘প্রেম, বন্ধুত্ব, বিয়ে- এসব ট্যাগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক শ্রদ্ধা ও সময়ের বিবর্তন। আমি আমার মতো চলছি, আর সবাই যার যার মতো। কাজের জায়গায় দেখা-সাক্ষাৎ, কথা বলা, আড্ডাÑ এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময় বদলায়, মানুষ বদলায়, এটাই স্বাভাবিক।’ এই মুহূর্তে নিজের অভিনয়-জীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তমা। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবে ইঙ্গিত মিলছেÑ আসছে এমন কিছু, যা আবারও দর্শকদের চমকে দিতে পারে।