প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১২:০৭ পিএম
তানজিন তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই অভিনয়ের জগতে আছেন, তবে সিনেমায় অভিনয়ের জন্য বারবারই ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব-পছন্দসই গল্প না পাওয়ার অজুহাতে। অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত গল্পটি খুঁজে পেয়েছেন, আর এবার পা রাখছেন রুপালি পর্দায়। তবে তা ঢালিউডে নয়, সরাসরি টালিউডে অভিষেক হচ্ছে তানজিন তিশার।
তাও আবার যেই সেই তারকা নন, বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে। সিনেমাটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। এর আগে যিনি কলকাতার জিৎকে নিয়ে রাবন সিনেমা নির্মাণ করেছিলেন। গত সপ্তাহে পরিচালক এম এন রাজ ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় আসেন। দেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে মিটিং করার পর অবশেষে তানজিন তিশাকে চুক্তিবদ্ধ করে কলকাতায় ফিরে গেছেন বলেও জানিয়েছেন তিনি। জানা গেছে, সম্পর্কনির্ভর রোমান্টিক গল্প এটি। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন তানজিন তিশা, যার চরিত্রের নাম ‘হিয়া’। আর শারমান যোশিকে দেখা যাবে অধ্যাপক চরিত্রে। পরিচালক বলেন, ‘এই ছবির গল্প পুরোপুরি তিশাকে ঘিরে। শুরু থেকে শেষ পর্যন্ত সে-ই কেন্দ্রীয় চরিত্র। হিয়ার জীবনের সম্পর্কের জটিল সমীকরণ ফুটে উঠবে এতে।

আগামী ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শারমান। বলিউডের শক্তিমান এই অভিনেতা বর্তমানে বাংলা ভাষা শেখার প্রক্রিয়ায় আছেন বলেও জানিয়েছেন। শারমান বলেন, ‘আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকে কাজ করেছি। এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। তার মতে, বর্তমানে আঞ্চলিক ভাষার সিনেমায় দুর্দান্ত কাজ হচ্ছে, এবং তাতে অংশ নিতে পারা একটা সম্মানের বিষয়। পরিচালক জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ে ছবির প্রথম ধাপের শুটিং শুরু হবে। টানা ২৩ দিন চলবে কাজ। এরপর অক্টোবর মাসে শুটিং হবে মুর্শিদাবাদে। পুরো কাজ শেষ করে ২০২৬ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।। ছবির যৌথ প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।