প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১২:৩০ পিএম
ঈদের আনন্দ মানেই পরিবার, আত্মীয়স্বজন, সবার একত্রে হওয়াÑ এই চিরচেনা বাঙালিয়ানার মূল ভাবনাটিকেই নতুন এক ভাষ্যে তুলে ধরেছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’।
এটি কোনো সাধারণ সিনেমা নয়, এটি একটি নস্টালজিয়া, একটি আত্মোপলব্ধি, একটি সমাজ ও সম্পর্ক পুনরুদ্ধারের গল্প। দর্শকের ভালোবাসায় উৎসব নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তানিম নূর পরিচালিত উৎসব সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পারিবারিক গল্পের একটি সিনেমা দর্শকের মাঝে সাড়া ফেলেছে। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি ভালো অবস্থানে রয়েছে।
বাংলা মুভি রিভিউর তথ্যানুসারে মুক্তির ৪২তম দিনে স্টার সিনেপ্লেক্স (২০টি), লায়ন সিনেমাস (৩টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি), মণিহার সিনেপ্লেক্স (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (২টি), স্বপ্নিল সিনেপ্লেক্স (৪টি) এবং শ্যামলী সিনেমা (৪টি) মিলিয়ে ‘উৎসব’ সিনেমার মোট শো চলেছে ৩৯টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল ছিল ১৫টি শো। বিয়াল্লিশ দিন শেষে ‘উৎসব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭.৬১ কোটি টাকা।
সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।