× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ১২:৫৬ পিএম

মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা

প্রতি বছর ঈদ এলে চাঙ্গা হয়ে উঠে দেশের চলচ্চিত্র অঙ্গন। প্রেক্ষাগৃহ সংকট সত্ত্বেও সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পায় এই উৎসবেই। যদিও আলোচনায় থাকে হাতে গোনা কয়েকটি, বেশিরভাগই হারিয়ে যায় দর্শক না-পাওয়ার হতাশায়। সারা বছর প্রায় ফাঁকা থাকা প্রেক্ষাগৃহগুলো ঈদের কয়টা দিনেই যেন নতুন প্রাণ পায়।

এক সময় দেশে শতাধিক প্রেক্ষাগৃহ থাকলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে ষাটের ঘরে। নতুন সিনেমা না থাকার কারণে বহু হল বন্ধ হয়ে গেছে, আবার অনেক হল খুলে বন্ধ হয়েছে কিছুদিনের মধ্যেই। কিন্তু এ নিয়ে তেমন কোনো আলোচনা নেই, নেই সুদূরপ্রসারী কোনো পরিকল্পনাও। সবচেয়ে বড় ভরসা এখন উৎসব। তাই প্রযোজক-পরিচালকরাও সিনেমা মুক্তির জন্য ঈদ কিংবা পূজার সময়টাকেই বেছে নিচ্ছেন। ঠিক যেমনটা দেখা গেছে এবারের কোরবানির ঈদেও।

ঈদের আগে ডজনখানেক সিনেমার মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, এসব সিনেমা এখন আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনায় আছে। এর সঙ্গে আরও কিছু নতুন নাম যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঈদে মুক্তির মিছিল থেকে ছিটকে পড়া সিনেমা ‘নাদান’। গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ঈদে মুক্তির। কিন্তু শেষ পর্যায়ে এসে পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছিলেন, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে ‘নাদান’। এবার জানা গেছে, পূজায় সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা ফরহাদ হোসেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ। ঈদেই মুক্তির কথা ছিল ঢালিউডের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা জাহিদ জুয়েল। রহস্য এবং মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে এ সিনেমাটি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও বুবলী। আরও আছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ।

এদিকে পুজায় মুক্তির তালিকায় রয়েছে বুবলী অভিনীত আরও একটি সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন বলে জানিয়েছেন নির্মাতা রাখাল সবুজ। সরকারি অনুদানে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এর পূর্বের নাম ছিল ‘পুলসিরাত’। পরবর্তীতে নাম পরিবর্তন করে এটি সেন্সর ছাড়পত্র পায়। এতে বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। 

এদিকে কোরবানি ঈদেই হঠাৎ করেই মুক্তির ঘোষণা আসে ‘শিরোনাম’ নামে একটি সিনেমার। নিরব হোসেন ও ইয়ামিন হক ববি জুটির সিনেমাটি অবশেষে আর মুক্তি পায়নি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়ো করতে চাইনি। আমাদের শুটিং শেষ করেই আমরা মুক্তির সিদ্ধান্ত নেব। এখনও আমরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছি না। আশা করি চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক দেখতে পারবেন।’ 

বর্তমান সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এ সিনেমাটি। সমসাময়িক অনেক বিষয় উঠে আসবে এতে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, ফারজানা ছবি, দিলরুবা দোয়েল প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা