প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ১১:৩২ এএম
ঈদুল আজহা কেন্দ্র করে দেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা সেজেছে বর্ণিল আয়োজনে। নাটক, গান, ম্যাগাজিন অনুষ্ঠাসহ বৈচিত্র্যময় নানা আয়োজনে দর্শক মাতাতে কোনো চ্যানেলই রাখছেন না কোনো কমতি। আজকের আয়োজন ঈদে টিভিতে যা দেখবেন তা নিয়ে।
নাটক
শাশুড়ি-পুত্রবধূর অম্ল মধুর সম্পর্কের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘একটি পারিবারিক গল্পের খসড়া’ নামের নাটক। নাটকটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। টানা ২৫ বছর ধরে চ্যানেল আইতে দুই ঈদের অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন এই নির্মাতার নাটক প্রচার হয়ে আসছে। বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে।

বর্তমান সময়ে টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা এই অভিনেতার বেশ কিছু নাটক প্রচার হবে এবারের ঈদুল আজহায়। এর মধ্যে সর্বোচ্চ ৫টি নাটক দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে। এ তালিকায় রয়েছে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘লাভ ইন দ্য এয়ার’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন (৮ মে) বিকাল ৫টা ৫০ মিনিটে। তৌফিকুল ইসলাম পরিচালিত ‘মন মানে না’তে ফারহানের নায়িকা সাদিয়া আয়মান। এটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন (৮ মে) রাত ১০টা ২০ মিনিটে। রুবেল আনুশ পরিচালিত ‘রূপকথার মতো’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন (৯ মে) রাত ৮টায়। এতে ফারহানের সহঅভিনেত্রী হিসেবে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ঈদের পঞ্চম দিন (১১ মে) রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটক ‘মুড সুইং’। এতে ফারহানের সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির। ঈদের সপ্তম দিন (১৩ মে) রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মহিদুল মহিম পরিচালিত ‘রূপসী স্টুডিও’। এতে ফারহানের নায়িকা কেয়া পায়েল।
ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ২৭ নাটক। ২৬টি নাটকের মধ্যে ১৬টি একক, ৭ পর্বের ৪টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। ঈদের আগের দিন রাত ১০টায় প্রচার হবে নাজমুল রনির রচনা ও পরিচালনায় ‘ঘরের শত্রু ঘরজামাই’। এতে অভিনয় করেছেন জাহের আলভী, শ্রেয়সী শ্রেয়া, আবদুল্লাহ রানা, অর্পিতা, তানজিন জাহান স্বপ্না প্রমুখ। ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে লিটু সোলায়মানের চিত্রনাট্য ও পরিচালনায় শিশুদের জন্য নির্মিত পাপেট নাটক ‘গল্পের দেশে : রংধনু পর্ব’।
অন্য একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলোÑ ‘বিউটি এখন নায়িকা’, ‘বিবাহ অভিযান’, ‘ব্ল্যাক মানি’, ‘বাপকা বেটা’, ‘ক্ষমা করে দিও’, ‘ট্রাক ড্রাইভার’ ও ‘সোনাভান’।

টিভিতে সিরিজ
কয়েক বছর ধরে প্রতি ঈদেই ছোটকাকু সিরিজ নিয়ে টিভি পর্দায় হাজির হন দেশবরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। জনপ্রিয় শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিতব্য এবার নির্মিত হয়েছে ঈদের বিশেষ সিরিজ ‘ছোটকাকু রহস্য’। এতে ছোটকাকু চরিত্রে বরাবরের মতো থাকছেন আফজাল হোসেন। তবে এবার তার পরিবর্তে ৮ পর্বের সিরিজটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। নাট্যরূপ দিয়েছেন আফজাল হোসেন। আর এতে থাকছেন গেল কয়েকটি ছোটকাকু সিরিজের গল্পে অভিনয় করা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকটি ঈদের দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আইতে।

টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার
চ্যানেল আইয়ে ঈদের দিন প্রচার হবে ‘ছায়া’, চতুর্থ দিন ‘দেয়ালের দেশ’ এবং ষষ্ঠ দিন ‘রিভেঞ্জ’। দীপ্ত টিভিতে ঈদের দিন প্রচার হবে ‘পেয়ারার সুবাস’। কোরবানি ঈদে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তমা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে এটি। ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারে দেখা যাবে ‘জলে জ্বলে তারা’।
ম্যাগাজিন অনুষ্ঠান
বিটিভি সব সময় ‘ইত্যাদি’ ও ‘আনন্দমেলা’ অনুষ্ঠান করে থাকে। প্রতি বছরই ঈদের এ দুই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকাদের মেলা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘আনন্দমেলা’র ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে এবার নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। রুপালি পর্দায় রাজত্ব করার পাশাপাশি এবারই প্রথম ‘আনন্দমেলা’য় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান।

প্রকৃতি আর মানুষের মিলনমেলা নিয়ে প্রতি বছরের মতো এবারও বরেণ্য টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন ‘কৃষকের ঈদ আনন্দ’। তার এই আয়োজনের পুরোটাজুড়ে রয়েছে মাটির গন্ধ আর নানা পদের খেলা। তবে এবার জায়গাটা ছিল একটু আলাদা, একটু বেশি প্রাণবন্ত– জিন্দা পার্ক। জানা গেছে, অনুষ্ঠানটি ঈদের পরদিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে।

সংগীতানুষ্ঠান
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে চার পর্বের ব্যান্ডসংগীত অনুষ্ঠান। অংশ নেবে দেশের ১৩টি ব্যান্ড। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। পরিচিত গানগুলোর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে কিছু চমকও। কী সেই চমক, সেটা এখনই জানাতে চাইছে না কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন, উপস্থাপনায় কাজী মমরেজ মাহমুদ। চতুর্থ দিন বিকাল ৪টায় থাকছে তরুণদের চারটি ব্যান্ডÑ এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ। মোট আটটি গান পরিবেশন করবেন তারা। উপস্থাপনা করবেন সেবন্তী, প্রযোজনায় আবদুল্লাহ আল মামুন। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক। আর্ক গাইবে ‘সুইটি তুমি আর কেঁদো না’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’; সিম্ফনি শোনাবে ‘এখনও পৃথিবীটা কী দারুণ সেজেছে’ ও ‘যে চোখে ছিল ভালোবাসা’; অরবিট পরিবেশন করবে ‘তুমি শুধু আমার’ আর ‘ওই এলো রে বান’। এ ছাড়া রয়েছে রক্স বে রকের গান ‘তুমি আমার অধরা’। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত পর্বে গাইবে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস। প্রযোজনায় থাকছেন আবদুল্লাহ আল মামুন।

ছোটদের ঈদ আনন্দ
১৬টি সিনেমাসহ নিজস্ব নাটক ও অনুষ্ঠান নিয়ে দুরন্ত টিভির এবারের ঈদ আয়োজন। সাত দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’ ও ‘মা-বাবাই সেরা’, রান্নার অনুষ্ঠানÑ ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’, ‘রাঁধিবাড়ি খাইদাই’ ও নাটক ‘হৈ হৈ হল্লা’। বেলা ৩টার সিনেমায় থাকবেÑ ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’, ‘মাটিলডা’, ‘স্টুয়ার্ট লিটল’, ‘স্টুয়ার্ট লিটল-২’, ‘বাডি’, ‘ক্লাউডি উইথ অ্যা চান্স অব মিটবলস’ ও ‘ক্লাউডি উইথ অ্যা চান্স অব মিটবলস-২’ এবং রাত ১০টার সিনেমায় থাকবে- ‘সুপার ফারবল সেভস দ্য ফিউচার’, ‘এঞ্জেল’, ‘ড্যানিয়েল অ্যান্ড দ্য সুপারডগস’, ‘মার্টিন অ্যান্ড দ্য ম্যাজিক্যাল ফরেস্ট’, ‘আলফি দ্য লিটল ওয়্যারউলফ’, ‘ফ্যানটম আওল ফরেস্ট’ ও ‘ক্লারা অ্যান্ড দ্য সিক্রেট অব দ্য বেয়ারস’ এবং শুক্র ও শনিবার সকাল ১০টায় প্রচারিত হবে সার্ফস আপ।