× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাকশনবাজ নায়িকারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১২:৩৮ পিএম

ছবি : প্রবা কোলাজ

ছবি : প্রবা কোলাজ

বর্তমান ঢালিউডে অ্যাকশন ঘরানার সিনেমার এক নতুন যুগ শুরু হয়েছে। এক সময় যেখানে শুধু নায়করা বন্দুক হাতে ভিলেনদের ঘায়েল করতেন, এখন সে জায়গায় সমানতালে জায়গা করে নিচ্ছেন নায়িকারাও।

ধুন্ধুমার অ্যাকশন, রক্তাক্ত লড়াই, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা- সবকিছুতেই এগিয়ে আসছেন ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রীরা। এবারের ঈদ ঘিরে মুক্তিপ্রাপ্ত ও আলোচিত সিনেমাগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই পরিবর্তনের চিত্র।

শাকিবের প্রতিদ্বন্দ্বী জয়া 

প্রায় এক দশক পর ঢালিউডের দুই সুপারস্টার- শাকিব খান ও জয়া আহসান আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’-এ। তবে আগের মতন তারা জুটিবদ্ধ হয়ে প্রেম করবেন না। এবার পর্দায় তারা মুখোমুখি- প্রতিদ্বন্দ্বী!

সাম্প্রতিক টিজারে শাকিব খান যখন ধ্বংসের প্রতীক হয়ে একের পর এক দৃশ্যপট পাল্টাচ্ছেন, তখন বিপরীত অবস্থানে দেখা যাচ্ছে জয়াকে। চোখে আগুন, হাতে অস্ত্রÑ জয়াকে দেখা যাচ্ছে শাকিব খানের দিকে তাক করে গুলি ছোড়ার ভঙ্গিমায়। এই দৃশ্য শুধু উত্তেজনার ইঙ্গিতই দেয় না, বরং একটি স্পষ্ট বার্তা দেয়Ñ এই সিনেমায় জয়া হবেন সেই অ্যাকশন গার্ল, যিনি আর কেবল সংলাপে নন, হাতের অস্ত্রেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করবেন। রায়হান রাফীর পরিচালনায় জয়ার এই পরিবর্তনপ্রবণ চরিত্র ঢাকাই সিনেমায় নারীদের শক্তিমান উপস্থিতির এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।

ফারিণের হাতে ফুল ও কুড়াল

তাসনিয়া ফারিণের নাম শুনলেই এক সময় দর্শকের মনে ভেসে উঠত সংবেদনশীল চরিত্রের এক মুখ। কিন্তু সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’-এ তার রূপান্তর অভাবনীয়। ফারিণের চরিত্র যেন দুই বিপরীত মেরুকে ধারণ করেÑ এক হাতে গোলাপের তোড়া, আর অন্য হাতে রক্তমাখা কুড়াল! এই কনট্রাস্টেই লুকিয়ে আছে সিনেমার বার্তা- ভালোবাসার প্রতীক ফারিণ, আবার প্রতিশোধের রক্তাক্ত দেবীও তিনিই।

সিনেমার পোস্টার, প্রোমো, এমনকি জন্মদিন উপলক্ষে নির্মাতার উপহার দেওয়া ছবিতেও ফারিণের হাতে পিস্তল, রক্তমাখা ছুরি ও রক্তাক্ত চেহারায় যে চিত্র ফুটে উঠেছে, তা স্পষ্টতই জানান দেয়, তিনি কেবল নায়িকা ননÑ এই সিনেমার অন্যতম অ্যাকশন ড্রাইভিং ফোর্স। শরিফুল রাজ ও মোশাররফ করিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করে, ফারিণ যেন প্রমাণ করতে চলেছেন যে নারীরাও এখন আর সিনেমায় শুধু প্রেমের গল্প বলার জন্য নয়, তারা ন্যায়বিচারের কুড়ালও হাতে নিতে পারে।

রক্তমাখা হাতুড়ি নিয়ে পূজা

সাহসী ও প্রতিবাদী নারীর চরিত্রে এবার পূজা চেরিকে দেখা যাবে আলোক হাসানের ‘টগর’ সিনেমায়। আদর আজাদের বিপরীতে অভিনীত এই সিনেমার পোস্টারেই পাওয়া যায় পূজার ভিন্নধর্মী উপস্থিতির আভাস। রক্তমাখা হাতুড়ি হাতে হিংস্র চাহনি- এমন ভয়ংকর রূপে পূজাকে আগে কখনও দেখা যায়নি। তিনি এখানে জয়িতা নামের এক প্রতিবাদী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ান। এই সিনেমার গল্প যে রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধে ঠাসা, তা আগেই ধারণা দিয়েছে টিজার ও ফটোশুট। পূজার এই রূপ শুধু চমক নয়, এটি ঢালিউডে নায়িকাদের জন্য এক সাহসী ধারা তৈরি করছে।

বাঁধন : পুলিশের পোশাকে রহস্যভেদ

বাঁধনের চেহারায় সব সময়ই এক ধরনের আত্মবিশ্বাস কাজ করে। তবে ‘এশা মার্ডার : কর্মফল’- এ সেই আত্মবিশ্বাসকে আমরা দেখতে পাব পুলিশ অফিসার লিনা হিসেবে।

ভালোবাসা দিবসে একই জেলায় ঘটে যাওয়া তিনটি খুন ও ধর্ষণের রহস্য ভেদ করতে মাঠে নামেন তিনি। সিনেমার টিজারে দেখা যায়, বাঁধন ছুটছেন অপরাধীদের পেছনে, অস্ত্র হাতে, চোখেমুখে দৃঢ়তা। এই সিনেমায় বাঁধন প্রথমবারের মতো পর্দায় একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে তিনি পরামর্শ নিয়েছেন নারী পুলিশ সদস্যদের কাছ থেকেও, যা তার পেশাদারত্বের পরিচায়ক। এই চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম শক্তিশালী সংযোজন হয়ে উঠতে পারে, এবং প্রমাণ করে দিতে পারেÑ নায়িকারা এখন শুধু প্রেমে বা ট্র্যাজেডিতে আটকে নেই, তারা তদন্তও চালাতে পারে, খুনের রহস্যও উদঘাটন করতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা