× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্য উদঘাটনে বাঁধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৬:৫৫ পিএম

ঈদে ‘এশা দ্য মার্ডার’ সিনেমাটি মুক্তির তালিকায় আছে

ঈদে ‘এশা দ্য মার্ডার’ সিনেমাটি মুক্তির তালিকায় আছে

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশের গণ্ডি পেরিয়ে টালিউড ও বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি।

কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই নায়িকা। জুলাই আন্দোলনে সামাজিক মাধ্যমের পাশাপাশি রাজপথেও সরব ছিলেন এ অভিনেত্রী। এ সময় অনেক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে সব ছাপিয়ে অভিনেত্রী এখন কাজ নিয়েই ব্যস্ত আছেন বলে জানান। ঈদে তার অভিনীত ‘এশা দ্য মার্ডার’ সিনেমাটি মুক্তির তালিকায় আছে। সিনেমাটি নিয়ে শুরু থেকে বাঁধন খুব আশাবাদী। ২০২৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালের রোজার ঈদেই প্রেক্ষাগৃহে আসবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এশা মার্ডার : কর্মফল’। কিন্তু সময় গড়াতে থাকে, বদলে যেতে থাকে মুক্তির পরিকল্পনাও। রোজার ঈদের বদলে কোরবানির ঈদে মুক্তির কথা জানিয়ে প্রকাশিত হয় সিনেমার টিজার। এরপর হঠাৎ করেই নীরবতা। সিনেমাটি নিয়ে নির্মাতা-প্রযোজকদের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না।

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন পোস্টারের মাধ্যমে আবারও ফিরে এলো ‘এশা মার্ডার’। জানানো হয়েছে, চলতি কোরবানির ঈদে এটি মুক্তি পাবে সারা দেশের প্রেক্ষাগৃহে। সিনেমার টিজার দেখে বোঝা যায়, একটি জেলার তিনটি নারকীয় হত্যাকাণ্ড ঘিরে আবর্তিত হচ্ছে গল্প। ভিন্ন ভিন্ন সময় নয়, একই দিনেÑ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের পরদিনÑ খুন ও ধর্ষণের শিকার হয় তিন তরুণী : অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত। কে এই পৈশাচিক খুনি? ধর্ষকের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই অপরাধী কে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে নেমে পড়ে পুলিশ কর্মকর্তা লিনা। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই থ্রিলারধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ার, যার কাজ বরাবরই দর্শকের মধ্যে বাস্তববাদী গল্প ও টানটান উত্তেজনা তৈরিতে সমাদৃত।

লিনার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, যার জন্য এটি ক্যারিয়ারের প্রথম পুলিশ চরিত্র। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে বাঁধন বাস্তব জীবনের নারী পুলিশদের সঙ্গে কথা বলেছেন, তাদের আচরণ, মনোভাব ও দায়িত্ব পালনের ভঙ্গি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন।

সিনেমাটির শক্তিশালী কাস্টে আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ।প্রতিটি চরিত্র রহস্যের জাল বুনতে সাহায্য করবে এমনভাবে, যা দর্শককে শেষ দৃশ্য পর্যন্ত বেঁধে রাখবে নিঃসন্দেহে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।

রোমাঞ্চ, বাস্তবতা ও সামাজিক বার্তা মিলিয়ে ‘এশা মার্ডার’ হতে যাচ্ছে এ বছরের অন্যতম আলোচিত এবং বহুল প্রতীক্ষিত সিনেমা। সিনেমাটির কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘দেশের দর্শকের মাঝে ক্রমাগতভাবে খুন রহস্য ও সাসপেন্স থ্রিলারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এ সংখ্যাটি অন্য যেকোনো ক্যাটাগরির সিনেমা থেকে কোনো অংশে কম নয়। এ বিষয়টি মাথায় রেখেই আমরা সিনেমাটি নির্মাণের প্রয়াস পেয়েছি। আমার বিশ্বাস ‘এশা মার্ডার’ সফল হলে দেশে এই ধাঁচের অগণিত সিনেমা নির্মিত হবে।’ সিনেমার অন্যতম প্রযোজক ও লিডস এন্টারটেইনমেন্টের কর্ণধার ফারুক রায়হান বলেন, ‘এবার ঈদের অসংখ্য সিনেমার ভিড়ে ভিন্ন ধাঁচের বিরল ঘটনাপুঞ্জি এবং চিত্রনাট্যের মজবুতির জন্য ‘এশা মার্ডার’ অনবদ্য একটি বাণিজ্যিক সিনেমা হিসেবে বিবেচিত হবে বলে আমি বিশ্বাস করি। গল্পের বুনন এবং নির্মাণশৈলীর জন্য দর্শক সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত সাগ্রহে আটকে ধাকবেÑ এটা আমার শুধু বিশ্বাসই নয়, প্রতিশ্রুতিও বটে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা