বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৮:২৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৮:৩৮ পিএম
নির্মাণ করা হচ্ছে ওয়েব সিরিজ ‘কাবাডি’। এর সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এ গানের রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজীব আশরাফের কথায় এর সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব।
গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘কাবাডি দেশের ঐতিহ্যবাহী খেলা। এই খেলার সঙ্গে জীবনের যে সম্পর্ক রয়েছে, তা গানে গানে উঠে এসেছে। গানটি গেয়ে ভালো লেগেছে। শ্রোতাদেরও ভালো লাগবে এটি।’
ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য সিরিজটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। ওয়েব সিরিজের গানের পাশাপাশি শিগগিরই নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে তার। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ তিনি। এ ছাড়া স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে এ কণ্ঠশিল্পীর।
তবে পান্থ কানাইকে ঘিরে চমকপ্রদ খবরটি হলো তিনি কাজ করতে যাচ্ছেন সিনেমায়। প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করবেন তিনি। চলচ্চিত্রটির নাম ‘দাহকাল’। নির্মাণ করছেন মঈন হাসান ধ্রুব। এতে পান্থ কানাইয়ের সঙ্গে আরও অভিনয় করবেন তাসনিয়া ফারিণ ও ‘স্বপ্নজাল’ ও ‘পরান’-খ্যাত ইয়াশ রোহান।
ছবিতে পান্থ কানাই অভিনয় করছেন একটি অ্যাড এজেন্সির মালিক হিসেবে। অন্যদিকে ফারিণ হচ্ছেন মডেল। মূলত এজেন্সি প্রধান ও মডেলের মধ্যে নানা ঘটনা দিয়ে সাজানো হয়েছে ‘দাহকাল’-এর গল্প।
পান্থ কানাই বলেন, আমি তো অভিনেতা না। তাও অভিনয় করলাম। অভিনয়ে এসে দেখলাম কঠিন কাজ। তবে ভালোই পারছি। প্রথমে যদিও একটু আধটু ভুল হচ্ছিল। তবে পরিচালকের অশেষ সহায়তায় সেটা কাটিয়ে উঠেছি।
অভিনয়ের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে নিয়মিত অভিনয়েরও ইচ্ছা প্রকাশ করলেন পান্থ কানাই।
এদিকে আসছে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে পান্থ কানাইয়ের লেখা আত্মজীবনী ‘আমি মুক্তি চেয়েছিলাম’। কিংবদন্তী প্রকাশনী থেকে এটি বাজারে আসবে।