প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫ ১০:৫৬ এএম
তারকাদের ঈদ মানেই উৎসব
ঈদের আগের দিনগুলোয় তারকাদের ব্যস্ততা থাকে চরমে। নতুন সিনেমার প্রচার, টিভি শো, সাক্ষাৎকার সব মিলিয়ে এক মুহূর্তও যেন ফুরসত মেলে না। তবে ঈদের দিন থেকে দৃশ্যপট বদলে যায়। কেউ দেশবিদেশে ঘুরতে চলে যান, কেউ শেকড়ের টানে ছুটে যান গ্রামের বাড়ি, আবার কেউ ফাঁকা ঢাকার রাস্তায় বন্ধুদের সঙ্গে সময় কাটান।
সিনেমার প্রচারে তারকারা
যেসব তারকার সিনেমা ঈদে মুক্তি পায়, তাদের জন্য ঈদের দিনটি হয় পুরোপুরি ভিন্ন। চাঁদরাতেই সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচার শুরু হলেও ঈদের দিন বিকাল থেকে সরাসরি দর্শকের সঙ্গে সাক্ষাৎ করেন ছবির শিল্পী, পরিচালক, প্রযোজকরা। দর্শকের প্রতিক্রিয়া জানতে এবং সিনেমার জনপ্রিয়তা আরও বাড়াতে তারা ঘুরে বেড়ান এক হল থেকে আরেক হলে।
এ ঈদেও তার ব্যতিক্রম ছিল না। ‘দাগি’ ছবির তারকা আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক শিহাব শাহীন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে দর্শকের সঙ্গে সিনেমার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। শুধু ঈদের দিনই নয়, পরদিনও তাদের সেখানে দেখা গেছে। অন্যদিকে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার ও পরিচালক মেহেদী হাসানও দর্শকের সাড়া জানতে ছুটে গেছেন স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে।

‘জংলি’ ছবির প্রচারেও ব্যস্ত ছিলেন ছবির নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলী ও দীঘি। সিয়ামের ঈদ উদ্যাপন ছিল বেশ ব্যতিক্রমী। তিনি লুঙ্গি পরে হলে গিয়েছিলেন, দর্শকের সঙ্গে কথা বলেছেন। দীঘির জন্য এবারের ঈদ ছিল বিশেষ, কারণ এটি ছিল তার নায়িকা হিসেবে প্রথম সিনেমা মুক্তি পাওয়া। তিনি খুশির প্রতীক হিসেবে হাতে ‘জংলি’ লেখা মেহেদির নকশা এঁকেছেন।
দেশের বাইরে তারকাদের ঈদ উদ্যাপন
অনেকে আবার দেশের বাইরে গিয়ে ঈদ উদ্যাপন করেছেন বা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবারের ঈদে কাতারে প্রবাসী বাঙালির আয়োজনে অংশ নিয়েছেন অপু বিশ্বাস, মনির খান, আঁখি আলমগীর, কনা, ইমরান, বেলাল খান ও জিয়াউল হক পলাশ। অপু বিশ্বাস কাতারে গেলেও তার ছেলে আব্রাহাম খান জয় ঈদের সময় কাটিয়েছে বাবার সঙ্গে। এদিকে অভিনেতা সাইমন সাদিক ঈদ উদ্যাপন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ঈদের আগে লন্ডনে উড়াল দিয়েছেন, কারণ তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরাজ্যের বার্মিংহামে কর্মরত। ঈদের পুরো সময়টা স্বামীর সঙ্গে কাটাতে মাসখানেকের জন্য সেখানে গেছেন তিনি।
ফারিণ ঢাকা ছাড়ার আগে লাগেজ ভর্তি করে নিয়ে গেছেন কাপড় ও খাবার। তিনি বলেন, ‘পাঞ্জাবি, পাজামা, শার্ট, ফতুয়া এনেছি, সঙ্গে নানান ধরনের খাবারও এনেছি।’ তার মা এবং শাশুড়ি দুজনই বিভিন্ন খাবার রান্না করে দিয়েছেন, যা তিনি সঙ্গে করে নিয়ে গেছেন।
তারকাদের ঈদ মানেই উৎসব
ঈদ মানেই তারকাদের জন্য ব্যস্ত সময়, তবে এ ব্যস্ততাই তাদের আনন্দ। কেউ সিনেমার প্রচারে ব্যস্ত, কেউ ভ্রমণে, আবার কেউ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। তবে সবার জন্যই ঈদ এক বিশেষ উপলক্ষ, যেখানে কাজ ও আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়।