প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১২:২৫ পিএম
প্রবা কোলাজ
ঈদসহ যেকোনো উৎসব মানেই শোবিজ অঙ্গনের ব্যস্ততা তুঙ্গে। নতুন নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্ট নিয়ে সরগরম থাকে বিনোদন দুনিয়া। বিশেষ করে সিনেমার রিলিজ ঘিরে চলে ব্যাপক আলোচনা, তবে ওটিটিও এখন আর পিছিয়ে নেই।
ঈদ উপলক্ষে নতুন ওটিটি কনটেন্ট মুক্তির প্রতিযোগিতায় এবারও মাঠে নামছেন দেশের তিন জনপ্রিয় নায়িকা জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তাদের নতুন কাজ মুক্তি পাচ্ছে, যা নিয়ে দর্শকের কৌতূহলও তুঙ্গে।
জিম্মি Ñ জয়ার প্রথম ওটিটি সিরিজ
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত। এবারের ঈদে তিনি হাজির হচ্ছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’ নিয়ে। সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ, আর এটি মুক্তি পাচ্ছে ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে।
সিরিজটির গল্প এক সাধারণ নারীর জীবনে ঘটে যাওয়া নাটকীয় মোড় নিয়ে। সরকারি অফিসের এক নিম্নপদস্থ কর্মচারী, যে দীর্ঘ ১০ বছরেও কোনো পদোন্নতি পায়নি, হঠাৎই অফিসের স্টোররুমে খুঁজে পায় টাকাভর্তি একটি বাক্স। এর পরই তার জীবন নতুন এক অচেনা জগতে প্রবেশ করে। লোভের ফাঁদে আটকে পড়া এ নারীর জীবনের চ্যালেঞ্জ ও মানসিক টানাপড়েনই সিরিজটির মূল আকর্ষণ।
জয়া আহসান বলেন, ‘গল্প, চরিত্র, নির্মাতা এ তিনটি বিষয় আমি সব সময় মাথায় রাখি। জিম্মিতে এ তিনটি বিষয়ই আমার মনমতো ছিল। ঈদে মুক্তি পাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ, এটা নিয়েও আমি দারুণ উচ্ছ্বসিত।’ সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয় ও প্রান্তর দস্তিদার।
ফের আসছেন মিথিলা
ঢাকা ও কলকাতার ব্যস্ত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার ঈদে হাজির হচ্ছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন নিয়ে। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজের প্রথম সিজন ২০২৩ সালে মুক্তি পেয়েছিল, যা দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রথম সিজনের শেষ দৃশ্যেই ছিল বেশ কিছু রহস্য, যেখানে দেখা গিয়েছিল মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে অ্যালেন স্বপন। দর্শকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল, সে কে? কেনই বা স্বপনকে খুঁজছে? এ রহস্যের জট খুলবে এবার ঈদে।
সিরিজটি কোন প্ল্যাটফর্মে এবং কবে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত না হলেও মিথিলা বলছেন, ‘প্রথম সিজনের মতো এবারও আমরা দারুণ কিছু নিয়ে আসছি। দর্শকের জন্য চমক থাকছে, তবে এখনই গল্প বা চরিত্র নিয়ে বেশি কিছু বলব না। এতে মজাটাই নষ্ট হয়ে যাবে!’
হাউ সুইট Ñ ফারিণ ও অপূর্বর রোমান্স
একাধিক নাটক ও সিনেমায় ব্যস্ত থাকা তাসনিয়া ফারিণ এবার ঈদে আসছেন একটি রোমান্টিক ওয়েবফিল্ম নিয়ে, নাম ‘হাউ সুইট’। পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি, আর ফারিণের বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ওয়েবফিল্মটির ট্রেলারে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির সঙ্গে এক ফটোগ্রাফারের আকস্মিক সংঘর্ষ। এতে তার ক্যামেরা নদীতে পড়ে যায়। ক্ষতিপূরণ চাইতে গিয়ে ঘটে একের পর এক মজার ও অপ্রত্যাশিত ঘটনা, যা শেষ পর্যন্ত প্রেমের পথে এগিয়ে যায়।
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে এ ওয়েবফিল্ম, তবে সঠিক তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
তাসনিয়া ফারিণ বলেন, ‘এটি খুব মিষ্টি একটি প্রেমের গল্প। নির্মাতা ও অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। আশা করি ঈদ উৎসবে দর্শকের মন ভালো করে দেবে এ ওয়েবফিল্ম।’
তিন জনপ্রিয় অভিনেত্রীর তিনটি ভিন্ন স্বাদের ওটিটি কনটেন্ট আসছে ঈদে। রহস্য-থ্রিলার জিম্মি, ড্রামাটিক মাইশেলফ অ্যালেন স্বপন ২ এবং রোমান্টিক-কমেডি হাউ সুইট। কোনটি বেশি দর্শকপ্রিয়তা পাবে, তা দেখার অপেক্ষায় শোবিজ দুনিয়া। ঈদের বিনোদন জমজমাট হবে, সেটা নিশ্চিত!