প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
সমসাময়িক দুই চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘি। বছরের প্রথম দিন টিজার প্রকাশের মধ্য দিয়ে ঘোষণা আসে ‘টগর’ সিনেমার। আলোক হাসানের পরিচালনায় এতে অভিনয় করার কথা ছিল আদর আজাদ ও দীঘির। তবে শুটিংয়ের ঠিক আগমুহূর্তে বদলে গেল নায়িকা।
দীঘি নয়, ‘টগর’-এ দেখা যাবে পূজাকে। সম্প্রতি সিনেমার মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে এই ঘোষণা আসে। নির্মাতা আলোক হাসান জানান, নানা কারণে দীঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি। তাই পূজাকে নিয়েই শুটিং শুরু করছেন তিনি।
পূজার ভাষ্য, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। টিজারে অন্য অভিনেত্রীর নাম ঘোষণা করায় শুরুতে কাজটি করতে চাইনি। তবে পরবর্তী সময়ে টিম আমাকে বোঝাতে সক্ষম হয়। আমারও গল্প পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’
‘টগর’ প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এর শুটিং। আদর-পূজা ছাড়াও এতে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন মাহমুদসহ অনেকে। সব ঠিক থাকলে আসন্ন ঈদেই সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।