প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩ এএম
নির্মাতা চয়নিকা চৌধুরী শেষ করেছেন ‘কোনো একদিন’ নাটকের শুটিং।
শুরু হয়ে গেছে ঈদের নাটকের শুটিংয়ের ব্যস্ততা। ইতোমধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী শেষ করেছেন ‘কোনো একদিন’ নামে নাটকের শুটিং।

নাটকটির চমক হলো, তিন প্রজন্মের তিনজন অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। জানা গেছে, কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন, নন্দিত অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং এ সময়ের সৌম্য জ্যোতির দেখা মিলবে নাটকটিতে। নাটকের কিছু ছবি পোস্ট করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চয়নিকা চৌধুরী জানান, শেষ হলো রঙ্গন মিউজিক প্রযোজিত ফারিয়া হোসেনের লেখা আমার পছন্দের একটি কাজ ‘কোনো একদিন’। আফজাল হোসেন ভাই আর সাদিয়া ইসলাম মৌ আপনারাই আসল নক্ষত্র। অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ। এ নির্মাতা লেখেন, একজন আফজাল হোসেন কত বড় মাপের মানবিক মানুষ! যত কাজ করছি আরও মুগ্ধ হচ্ছি। মৌয়ের কল টাইম মিস হয় না কেন? কী আজব? কল টাইমের আগেই আসতে হবে?
এদিকে তারকা দম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী দম্পতির পুত্র সৌম্যর কাজেও মুগ্ধ চয়নিকা চৌধুরী। তার ভাষ্য, সৌম্যর সঙ্গে প্রথম কাজ। প্রতিদিন সকাল ৮টায় সেটে হাজির। শেষ দিন এলো ৭টা ৪০ মিনিটে। খুব ভালো লাগল সৌম্য, এত ভালো অভিনয়শিল্পী তুমি! আমি জানি এমন ক্লাসিক চরিত্র তোমার জন্য এই প্রথম। কিন্তু তুমি দর্শক কাঁদাবে বলে দিলাম। তবে শতভাগ তুমি পরিচালকের শিল্পী। তোমার মা-বাবাকে ধন্যবাদ।