বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:২৫ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম
বড়পর্দায় আবারও ‘সিংঘম’ হয়ে ধরা দেবেন অভিনেতা অজয় দেবগন। আর তাই আসছে সিংহাম ছবির তৃতীয় সিক্যুয়েল। নতুন এ সিনেমাটির নাম ‘সিংহাম অ্যাগেইন’। যেখানে রুপালি পর্দায় অজয়কে সঙ্গে নিয়ে ঝড় তুলবেন পরিচালক রোহিত শেঠি।
সিনেমাটি হতে চলেছে রোহিত শেঠির কপ ইউনিভার্সের পঞ্চম সিনেমা। নতুন এ সিনেমাটিতে বাজিরাও সিংহামের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন।
সিংহামের প্রথম সিক্যুয়েল মুক্তির পর প্রায় এক যুগের দীর্ঘ বিরতির পর তৃতীয় সিক্যুয়েল আসার খবরে ভক্তরাও নতুন এ ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তাই ব্যস্ত অজয়ের এখন দম ফেলার সময় নেই।
এদিকে, টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ। এ বিষয়ে তরুণ লিখেছেন, ‘এক্সক্লুসিভ খবর হলো, অজয় ও রোহিত আবারও একসঙ্গে সিংহাম সিনেমার কাজ করছেন। অজয় ভোলা সিনেমার শুটিং শেষ করেই সিংহাম অ্যাগেইনের শুটিং শুরু করবেন।’
সিংহামের তৃতীয় সিক্যুয়েল নিয়ে অবশ্য দর্শককে আগেই জানিয়েছিলেন পরিচালক রোহিত শেঠি। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি’র প্রচারের সময় রোহিত সিনেমাপ্রেমীদের তা জানিয়েছিলেন।
বর্তমানে অজয় দেবগন পরিচালিত ও অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘ভোলা’ ছবিটি। নেটমাধ্যমে এর টিজার প্রকাশ হওয়ার পরই তা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
অজয়ের সঙ্গে এ ছবিতে দেখা যাবে অভিনেত্রী টাবুকে। সিনেমাটির শুটিং প্রায় শেষের পথে। তাই ‘ভোলার’ শুটিং শেষ করেই রোহিতের ‘সিংহাম থ্রি’র কাজ শুরু করবেন বলিউডের অ্যাকশন বয় অজয় দেবগন।