প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৪৫ এএম
রিচি সোলায়মান
বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান। একসময়ে ছিলেন জনপ্রিয় এক অভিনেত্রী। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। দুই সন্তানকে সময় দেওয়ার পর অভিনয়ের জন্য সময় বের করাটা তার জন্য কঠিন। তবু গল্প ভালো হলে খুব বেছে বেছে দুয়েকটি নাটকে কাজ করছেন তিনি। তবে আগের মতো আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না অভিনেত্রীকে। সংসারেই ব্যস্ত তিনি। এবার জানা গেল নতুন ব্যস্ততায় যোগ দিতে যাচ্ছেন রিচি। বিউটি সেলুনের ব্যবসায় নামছেন তিনি।
রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি সেলুনের যাত্রা শুরু করতে যাচ্ছেন রিচি। মূলত এই বিউটি সেলুনের প্ল্যানটা তার নিজের। বেশ কিছুদিন ধরেই এর সব ধরনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রিচি সোলায়মান।
বিষয়টি নিশ্চিত করে রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি দেখা যায়, একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানী যাই; কিন্তু মাঝে মাঝে এমনও মনে হয়, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত, তাহলে অনেক ভালো হতো। এমন ভাবনা থেকেই আসলে একটা সময় আমি নিজেই উদ্যোগী হয়ে উঠি যে দেখি আমি কিছু করতে পারি কি না। সিনথিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলে চূড়ান্ত হলো সবকিছু। একজন নারীর রূপচর্চাবিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয়, তার সবকিছু থাকবে আমাদের এই ইটারনাল বিউটি লাউঞ্জে।’
রিচিকে সামনে দেখা যাবে ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকে। এতে রিচির সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের নাম এখনও ঠিক হয়নি। শিগগির এর শুটিং শুরু হবে বলেও জানান এই অভিনেত্রী।