প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪ ০৯:৩১ এএম
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। পশ্চিমবঙ্গের হলেও বাংলাদেশে রয়েছে তার আকাশসমান জনপ্রিয়তা। তার জীবনঘনিষ্ঠ গানগুলো শ্রোতা-ভক্তদের বরাবরই আলোড়িত করে। সমাজের নানা বিষয় নিয়ে শিল্পী সব সময় সরব থাকেন। এমনকি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সব সময় দিয়েছেন নিজের প্রতিক্রিয়া। সেটা হোক ফেসবুক পোস্ট কিংবা গানের মাধ্যমে। সম্প্রতি দেশের ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের সময়ও নানা বিষয় নিয়ে সোচ্চার ছিলেন বর্ষীয়ান এই শিল্পী।
নানান ঘটনার কারণে সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে গতকাল নেট দুনিয়ায় চর্চা চলছে। সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে ফেসবুকে গতকাল রাত থেকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী।
এবার তাদের সঙ্গে যুক্ত হলেন কবীর সুমন। ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’ ফেসবুকে এমন পোস্ট করে প্রশ্ন রেখেছেন তিনি। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও অনেকেই ধরে নিয়েছেন শ্রীজাতকে উদ্দেশ করেই মূলত পোস্টটি দিয়েছেন তিনি।
এরপর রাতে ফেলানীকে নিয়ে একটি গানও লেখেন শিল্পী। ‘পতাকার চেয়ে বড় ফেলানীর বুক/সেটা তাক করেছিল কার বন্দুক/কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার/দেশের বুলেট দেশপ্রেমের খামার/কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার/কোথায় রইল ঝুলে ফেলানী আমার’। এমন কথার লাইনগুলো গত শনিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন কবির সুমন।
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গান লেখেন কবীর সুমন। পরে গানটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে গেয়ে শোনান তিনি। গানটির কয়েকটি লাইন এমন, ‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালাল, এ-লড়াই মুক্তির গান’।