আলাপন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬ এএম
চঞ্চল চৌধুরী
দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় অনবদ্য অভিনয় তার সাফল্যে আরেকটি পালক যুক্ত করেছে। এতে তিনি কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মুক্তি পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এ অভিনেতা কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। পাশাপাশি সমাজমাধ্যমে তাকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনা প্রসঙ্গেও মুখ খুলেছেন
টলিউডের কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেন ‘পদাতিক’ সিনেমায় আপনার অভিনয়ে মুগ্ধ। তাহলে মৃণাল সেন হয়ে ওঠার চ্যালেঞ্জটা সফল হলো বলা যায়?
আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তার মতো একজন কিংবদন্তি আমার প্রশংসা করেছেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। একজন বাংলাদেশি অভিনেতা হিসেবে আন্তর্জাতিকভাবে সম্মানিত হওয়া গর্বের। তবে এই অর্জন আমার একার নয়, দর্শকেরও।
বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখতে পারলেন না। আফসোস হচ্ছে না?
আমি যে সিনেমা বা ওয়েব সিরিজে কাজ করি না কেন, সেটি চলচ্চিত্র উৎসব কিংবা ওটিটি প্ল্যাটফর্মে দুই দেশেরই দর্শক দেখার সুযোগ পান। যেটি ‘হাওয়া’র ক্ষেত্রে হয়েছিল। সব সময় চাই আমার কাজ যেন সবাই দেখার সুযোগ পান। ‘পদাতিক’ বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। সেভাবেই এগোচ্ছিল সবকিছু। এখানকার দর্শকও মুখিয়ে ছিল দেখার জন্য। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে তা আর সম্ভব হয়নি। আবার পশ্চিমবঙ্গে রিলিজের আগে আরজি কর-কাণ্ডে উত্তাল হয়ে ওঠে কলকাতা। এ ধরনের ছবি যারা দেখেন তারা তো এখন রাস্তায় আন্দোলন করছেন। এতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
প্রশংসিত হলেও ব্যবসায়িকভাবে সফল হয়নি!
ব্যবসা সফল হয়নি ঠিকই। তবে যদি ইতিহাস-ঐতিহ্য কিংবা বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান ধরে রাখতে চাই তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ ছবি।
দেশের পটপরিবর্তন কেন্দ্র করে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ব্যক্তিগত জীবনে এসবের প্রভাব পড়ে?
এগুলো নিয়ে বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। কে কীভাবে কী বলবেন, সেটা একান্তই তার ব্যাপার। প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। তাই কে কাকে ভালোবাসবেন, গালি দেবেন কিংবা শ্রদ্ধা করবেন— এটা তার নিজস্ব স্বাধীনতা। জোর করে কাউকে ভালোবাসাতে পারব না। আমি সব ধরনের দর্শকের জন্য কাজ করি। নির্দিষ্ট কোনো দল-মতের জন্য কাজ করি না। আমার কাজ যাদের ভালো লাগে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা আমাকে অপছন্দ করেন, আমি চেষ্টা করব ভালো ভালো কাজ উপহার দেওয়ার।
নতুন কাজের খবর জানতে চাই—
এই বাস্তবতায় বড় যেসব কাজ হওয়ার কথা ছিল বছরের শেষের দিকে, সেগুলো আপাতত স্থগিত আছে। পরিস্থিতি উন্নতি না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না কেউ। তাই নতুন কাজের সম্ভাবনা আপাতত দেখছি না। অনুকূল পরিবেশ তৈরি হলেই শুটিংয়ে ফিরব।