বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৪:১৫ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৫:১৩ পিএম
চায়ের প্রতি ভালোবাসা আর মুগ্ধতায় ভরা একটি মেয়ের জীবনের পট পরিবর্তনের গল্প শর্টফিল্ম ‘অসমাপ্ত চা’। যে মেয়েটি একসময় রসিয়ে রসিয়ে চা খেতে ভালোবাসত, স্বপ্ন দেখত তার স্বামী হবে চা-বাগানের কর্মকর্তা, সময়ের ব্যবধানে জীবনবাস্তবতায় তার জীবনের সেসব স্বপ্ন হারিয়ে যায়। এক কাপ চায়ের জন্য তার অপেক্ষার যেন আর শেষ হয় না। বারবার চায়ের কাপ হাতে নিয়েও শেষ পর্যন্ত আর তা পান করা হয়ে ওঠে না।
এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত চা’। প্রায় পাঁচ বছরের বিরতি শেষে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা চাঁদনী।
এর চিত্রনাট্য করেছেন মৌসুমী আচার্য্য। পরিচালনায় আছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
এতে কাজ করা প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘একটা ভালো কাজ অনেক কিছুর প্রেরণা দেওয়। চলচ্চিত্রের গল্প শুনেই ভালো লেগেছিল। তাই কাজটি করেছি।’
‘অসমাপ্ত চা’ প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘এ গল্পের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে যে অসমাপ্ত চা মানে মানুষের জীবনে আসলে কোনো কিছুই পরিপূর্ণতা পায় না। এটা একটা চায়ের মাধ্যমে বোঝানো হয়েছে। জীবনের সবকিছুর মোড় ঘুরে যায় যেকোনো সময়, অসমাপ্তই থেকে যায়। এই পাওয়া-না পাওয়ার দোলাচলই আমাকে এই প্রযোজনার প্রতি আগ্রহী করে তুলেছে। পুরোনো স্মৃতি, বর্তমান নিয়ে চলার ভেতরে পরিপূর্ণতা না পাওয়ার যে জায়গাটাতে খুব সুন্দর গাঁথুনি দেওয়া হয়েছে এই গল্পে। আমার বিশ্বাস, দর্শক এখানে উপভোগ করার মতো কিছু অনুভূতি পাবেন।’
মৌসুমী আচার্য্য ও রিমঝিম বর্ষার নির্বাহী প্রযোজনায় ‘অসমাপ্ত চা’ চলচ্চিত্রে একটি গানও রয়েছে। এসএম মফিউর রহমানের লেখায় এতে সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ সাকিব ও ঘুণপোকা।
ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করার পর সম্প্রতি ইউটিউব চ্যানেল নিউয়েরা ফিকশনে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসমাপ্ত চা’।