বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৪:৪৪ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৫:০৫ পিএম
বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থীর কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত মুহূর্ত সনদ হাতে পাওয়ার সময়টা। সমাবর্তন তাই উৎসব নিয়ে আসে শিক্ষার্থীদের কাছে। সে উৎসবে স্নাতক শেষ করার সনদ হাতে পেলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শনিবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫৩তম সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘এটা সত্যিই আমার জন্য আনন্দের। আমার মেধা-পরিশ্রম ও কর্মের স্বীকৃতি পেলাম। সবার কাছে দোয়া চাই।’
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ খুলনার মেয়ে মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি রাজধানীর শিকদার মেডিকেল কলেজে ডেন্টালে পড়াশোনা করতেন। ২০১৯ সালের আগস্টে তিনি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে আনুষ্ঠানিকভাবে দন্ত চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশনও পেয়েছেন। যার ফলে এখন তিনি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে পেশাগত দন্ত চিকিৎসক হিসেবে কাজ করছেন।
রাজধানীর নিকেতনে তিনি প্রতিষ্ঠা করেছেন হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক। যেখানে ডেন্টাল এবং অ্যাসথেটিকের চিকিৎসা দেওয়া হয়। এরই মধ্যে তিনি বিভিন্ন ফেলোশিপ এবং হান্ড-অন কোর্স করেছেন দুবাইয়ের আবুধাবি, ভারতের মুম্বাই ও দিল্লি থেকে। সামনে লন্ডন যাচ্ছেন এক মাসের ফেলোশিপের জন্য। এরই পাশাপাশি এমপিএইচ ও এলএলএম করছেন। পিজিটি করছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।
পাশাপাশি ঢাকার ধানমন্ডি, মিরপুর, খুলনায় আরও নতুন তিনটি ক্লিনিকের শাখা চালু করতে যাচ্ছেন মিষ্টি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরেকটি শাখা উদ্বোধন হবে জানুয়ারিতে। জান্নাত সমাজকল্যাণ সংস্থা ও বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ নামের প্রতিষ্ঠান থেকে অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানারকম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এসব ব্যস্ততায় মিডিয়া থেকে একটু আড়ালে রয়েছেন তিনি। তবে শিগগিরই সিনেমা এবং ওয়েব ফিল্মের কাজ শুরু করবেন বলে জানান।