প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৪:২৫ পিএম
শনিবার (১৩ জুলাই) গুলশানের একটি পাঁচতারকা হোটেলে পাঁচ নায়িকাকে সঙ্গে নিয়ে আপনজনের লোগো উন্মোচন করেন ঢালিউড কিং। প্রবা ফটো
আড়াই দশকের ক্যারিয়ারে সবচেয়ে সুসময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিনেমার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ সরব হয়ে উঠেছেন তিনি। একের পর এক উদ্যোগ নিয়ে চমকে দিচ্ছেন সবাইকে। এর ধারাবাহিকতায় এবার দেশের প্রান্তিক উদ্যোক্তাদের কথা মাথায় রেখে বিশেষ এক পদক্ষেপ নিয়েছেন শাকিব।
উদ্যোগটির নাম ‘আপনজন’। প্রান্তিক ব্যবসায়ীদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নিয়েছে শাকিকের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক। গতকাল শনিবার দুপুরে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে এ উদ্যোগের আদ্যোপান্ত তুলে ধরতে ‘রিমার্ক আপনজন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তারকাদের সঙ্গে নিয়ে আপনজনের লোগো উন্মোচন করেন ঢালিউড কিং। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা পরীমনি, মিম, পূজা চেরী, দীঘি ও কেয়া পায়েল। ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর অভিনেতা ইমনও। শাকিব খান জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রিমার্ক নিয়ে এসেছে ‘আপনজন’। এটি এমন এক ব্যবসায়িক উদ্যোগ, যার সদস্য হলেই লাভবান হবেন ব্যবসায়ীরা। যেমন ‘আপনজন’ সদস্যরা রিমার্ক থেকে যত টাকা মূল্যের পণ্য কিনবেন ঠিক তত পরিমাণ অর্থই আর্থিক সহায়তা হিসেবে পাবেন।
সংবাদ সম্মেলনে শাকিব বলেন, ‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছা যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে থেমে যাওয়ার মতো। তাই ‘আপনজন’একটি ভালোবাসার উদ্যোগ। এ ‘আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’
সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আপনজন’-র সদস্যদের মৃত্যু হলে এক বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছে তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবে এবং সদস্যের বকেয়া টাকাও মওকুফ করে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত নায়িকাদের মধ্যে পরীমনি বলেন, আপনজন কখনই পর হয় না। এটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি। ছোট ব্যবসায়ীদের যে হাত ধরে যেভাবে রিমার্ক এগিয়ে নিতে সাহস জোগাতে এসেছেÑ এটি অবিশ্বাস্য।
বিদ্যা সিনহা সাহা মিম বলেন, যারা রিমার্কের পণ্য নিয়ে কাজ করছে তাদের সঙ্গে থাকতে পারা অনেক গৌরবের। কেয়া পায়েল বলেন, আশা করছি রিমার্কের এই কাজ আসলেই রিমার্কেবল হয়ে থাকবে। পূজা চেরী বলেন, আমি সৌভাগ্যবান যে, আমি এই উদ্যোগের সঙ্গে রয়েছি এবং এর অংশ। রিমার্কের এই পথচলা অফুরান থাকুক।