প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৪:০০ পিএম
সালমান খান ও অনিল কাপুর।
বলিউডের ভাইজান সালমান খান কোনো জিনিসকে একবার ভালোবেসে ফেললে আর তা কিছুতেই হাতছাড়া করতে চান না। কিন্তু এবার তার খুব পছন্দের একটি জিনিস চলে যাচ্ছে অনিল কাপুরের দখলে।
সালমান খান টিভি পর্দায় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে টিভিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন তিনি। পরে ‘বিগ বস’-এর ওটিটি সংস্করণও উপস্থাপনা করতে দেখা গেছে এই বলিউড তারকাকে। তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘বিগ বস ওটিটি’র তৃতীয় মৌসুমে সঞ্চালক হিসেবে সালমানকে দেখা যাবে না। এবার সেই সঞ্চালনার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। তবে মূল শো নয়, বদল ঘটছে ‘বিগ বস’ ওটিটিতে। ওটিটিতে আসছে তৃতীয় সংস্করণ। ওই অনুষ্ঠানের প্রথম সংস্করণের সঞ্চালক ছিলেন করণ জোহর। দ্বিতীয়টি সঞ্চালনার দায়িত্ব নিয়েছিলেন সালমান নিজে। তবে এবার তার পরিবর্তে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অনিল। গত বৃহস্পতিবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই খবর।
এর আগে ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিতে রিয়েলিটি শো’র সঞ্চালকে ভূমিকায় অভিনয় করেছিলেন অনিল। তবে বাস্তবে এই প্রথম অনিল কোনো রিয়েলিটি শো সঞ্চালনা করতে চলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগ বস’ ওটিটি এবং আমি যেন একটা স্বপ্নের দল। দুজনই তরুণ। কারণ মানুষ বলেন আমার নাকি বয়স কমছে।’ তিনি আরও বলেন, ‘আমার কাছে বিষয়টা অনেকটা স্কুলে যাওয়ার মতো। নতুন একটা জিনিস। আমার সব কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। বিগ বসের ক্ষেত্রেও তার অন্যথা হবে না।’ সূত্র : আনন্দবাজার