প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৫:০১ পিএম
কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী।
কুমার বিশ্বজিৎ বাংলাদেশের গানের গর্ব। কত মৌলিক জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন তার নির্দিষ্ট হিসাব নেই। একজন কুমার বিশ্বজিতের গানই শুধু বসে বসে শুনতে গেলে দীর্ঘ সময় পেরিয়ে যাবে। গানে পেশাগত জীবনের শুরু থেকেই তিনি মৌলিক গান প্রকাশ করার দিকে ছিলেন ভীষণ মনোযোগী। যে কারণে দীর্ঘ চার দশকের বেশি সময়ে সংগীত জীবনে তার পথচলায় অসংখ্য জনপ্রিয় মৌলিক গান প্রকাশ পেয়েছে। সেসব গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। সিনেমায়ও গেয়েছেন তিনি অনেক কালজয়ী ও জনপ্রিয় গান।
তার একমাত্র সন্তান নিবিড় সড়ক দুর্ঘটনার মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত কুমার বিশ্বজিৎ ঠিকই নিয়ম করে মৌলিক গান প্রকাশ করে গেছেন। স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন দেশে এবং দেশের বাইরে। কিন্তু এখন যেন জীবন এসে থমকে দাঁড়িয়েছে এক অনিশ্চয়তায়। ঈশ্বরের কৃপা ছাড়া এখান থেকে মুক্তির পথ খুব কঠিন। তাই বারবার কুমার বিশ্বজিৎ সবার কাছে দোয়া চাইছেন তার একমাত্র ছেলে নিবিড়ের জন্য। আজ কুমার বিশ্বজিতের জন্মদিন। এদিনে তিনি দেশের বাইরে তার ছেলের কাছেই আছেন। কথা বলতে গিয়ে ভীষণ ভেঙে পড়ছিলেন। তিনি বলেন, ‘আমার নিবিড়ের জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। বাবা-মায়ের কোলে যেন ফিরে আসতে পারে, এতটুকুই চাই।’
এদিকে আজ আরও একজন গুণীর জন্মদিন। তিনি হলেন ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার কাজ তিনি শেষ করে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে আগামী ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। চঞ্চল চৌধুরী সকাল আহমেদের পরিচালনায় বৃন্দাবন দাসের রচনায় শেষ করেছেন সাত পর্বের ধারাবাহিক ‘নয়শো প্রহরী’ নাটকের কাজ। চঞ্চল চৌধুরী জানান, একই পরিচালকের ‘ঝরা বকুল’ নামে একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। কয়েক দিনের মধ্যে তিনি সকাল আহমেদেরই আরও একটি সাত পর্বের ধারাবাহিক এবং খণ্ডনাটকের কাজ করবেন। সব নাটক রচনা করেছেন বৃন্দাবন দাস। এ ছাড়া চঞ্চল চৌধুরী সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় মাসুম রেজার রচনায় ‘পোকা দিয়ে পোকা ধরা’ খণ্ডনাটকের কাজ করবেন। জন্মদিন প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘সত্যি বলতে কি জন্মদিনে কখন কোথায় থাকি, কী করব না করব তার কিছুই আমি জানতে পারি না। আমার স্ত্রী শান্তা এবং ছেলে শুদ্ধ পরিকল্পনা করেই কিছু একটা করে। জন্মদিন মানেই হলো জীবন থেকে একটা বছর পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। আমি আমার কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। কাজের এ ধারাবাহিকতাটাই আজীবন ধরে রাখতে চাই। যেহেতু মঞ্চ ও টিভি আমার আজকের সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাই এ দুই মাধ্যমে আমি কাজ করবই। এ ছাড়া অন্য সব মাধ্যমে আমার কাজ করার ইচ্ছে সব সময়ই। যে কারণে ঈদে বিশেষত টিভিনাটকে কাজ করছি আমি।’