জাবি সংবাদদাতা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ০৮:০৯ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১২:৩৬ পিএম
জাবির কেন্দ্রীয় শহীদ মিনার। ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসনের বিরুদ্ধে।
এ ঘটনায় বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
জানা যায়, শনিবার (১২ নভেম্বর) সকালে আইন ও বিচার বিভাগের ৪৬তম ব্যাচের এক ছাত্রকে এলোপাথাড়ি মারধর করেন আরেক শিক্ষার্থী। ঘটনাটি হল প্রশাসন দুই ছাত্রের মধ্যে মীমাংসা করে দেয়।
এ বিষয়ে ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কনোজকান্তি রায় এক বিবৃতিতে বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থী হলে শুরু থেকেই অবৈধভাবে অবস্থান করে আসছেন এবং একাডেমিকভাবেও তিনি ছাত্রত্বহীন। ভুক্তভোগী প্রশাসনকে অবহিত করলে হল প্রভোস্টসহ প্রশাসনিক পাঁচজন শিক্ষকের উপস্থিতিতে ঘটনার বিচার বসে। কিন্তু শিক্ষকরা মারধরের ঘটনাকে ছোটখাটো ব্যাপার হিসেবে ধামাচাপা দিয়ে মীমাংসা করার অপচেষ্টা চালান।’
নেতারা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।
তবে বিষয়টি অস্বীকার করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, ‘অভিযুক্ত ছেলেটি দোষ স্বীকার করলে দুজনের সম্মতিতে মীমাংসা করা হয়। কিন্তু ঠিক কী কারণে আবারও অভিযোগ তোলা হচ্ছে তা আমি জানি না।’