কুবি সংবাদদাতা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১০:৩৭ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১২:৫১ পিএম
কুবিতে উদযাপিত প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২। প্রবা ফটো
নবীনবরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পর্দা নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি আয়োজিত প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২-এর। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে রাত ১১টায় শেষ হয় এ অনুষ্ঠান।
প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের সভাপতিত্বে এবং একই বিভাগের শিক্ষার্থী নাইমা নুন ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমান। প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আজকে যারা বিদায় নিয়ে এখান থেকে চলে যাচ্ছে তাদের প্রস্তুত করতে বিগত পাঁচ-ছয় বছর শ্রম দিয়েছেন বিভাগের শিক্ষকরা। আমি আশা করব তোমরা এই বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামনের দিনেও সম্পর্ক বজায় রাখবে।’
বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘এ প্রোগ্রামটি খুব অল্প সময়ে আপনাদের সামনে আনা হয়েছে। এই অল্প সময়ে এ প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীরা অনেক শ্রম দিয়েছে। আর এ শ্রম যদি তারা ভবিষ্যতে দেয় তবে কেউ তাদের আটকে রাখতে পারবে না।’ এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান তিনি।
সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।