বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম
চবির সপ্তম মেধাতালিকা প্রকাশের দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিন শতাধিক আসন ফাঁকা রেখে মেধাতালিকা প্রকাশ বন্ধের প্রতিবাদ জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ফাঁকা আসনে সপ্তম মেধা তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন তারা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বিবদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন ভর্তির জন্য অপেক্ষমান শিক্ষার্থীরা।
‘এ’ ইউনিট থেকে উত্তীর্ণ শিক্ষার্থী নানজিবা নাওয়ার বলেন, ‘অপেক্ষমান তালিকার কয়েকজন পরেই আমার অবস্থান। ‘এ’ ইউনিটে ১০৫টা সিট খালি থাকায় আমি নিশ্চিত ছিলাম সপ্তম মেরিটে সাবজেক্ট আসবে। কিন্তু মেধাতালিকা দেওয়ার সম্ভাবনা না থাকায় আমি অনেক দুশ্চিন্তায় রয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার আশায় কয়েক জায়গায় সুযোগ হওয়ার পরও সেখানে ভর্তি হইনি। দয়া করে সপ্তম মেধা তালিকা দেওয়ার অনুরোধ করছি।’
মানববন্ধনে ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থী আবিদ হোসাইন বলেন, ‘আমরা স্মারকলিপি নিয়ে সচিবের কাছে গেলে উনি আমাদেরকে উপাচার্যের রুমে পাঠায়। উপাচার্যের ব্যক্তিগত সেক্রেটারি স্মারকলিপি নেবে বলেন।এভাবে আমরা হয়রানির শিকার হয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ এবং গুণগত শিক্ষার অন্যতম ক্ষেত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। কঠোর পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করলেও সপ্তম মেধা তালিকা প্রকাশ না করায় উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের জীবন নানা রকম বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। উপাচার্য মহোদয়ের নিকট বিনীত অনুরোধ থাকবে পরবর্তী মেধা তালিকা প্রকাশ করে আমাদের সুন্দর ভবিষ্যত তৈরি করার সুযোগ দিন।’
২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয় গত ২৩ সেপ্টেম্বর। পরে চূড়ান্ত ভর্তি ও মাইগ্রেশনের তালিকা দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর। চূড়ান্ত এই তালিকা থেকে দেখা যায়, ৮ ইউনিট ও উপ-ইউনিটে মোট ৩০০ এর বেশি আসন আসন খালি রয়েছে। তবে দুই মাস হতে চললেও ৭ম মেধাতালিকা প্রকাশ করা হচ্ছেনা। এনিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে।