বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ১৫:১৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ১৬:১১ পিএম
মঙ্গলবার সংঘর্ষের সময় তোলা ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল ও ক্রিকেট খেলা কেন্দ্র করে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টির সুষ্ঠু কারণ খতিয়ে দেখতে ও দোষীদের শাস্তির আওতায় আনতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর আল ফিকাহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমি বিষয়টি একদম অফিসের লিভিং টাইমে পেয়েছি। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটি চিঠি করেছি। কিন্তু বিভিন্ন কারণে এখনও কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠাতে পারিনি। চিঠিতে দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধানপূর্বক ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে চার দফা সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।