কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ১৯:৫৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মিসভা শেষ হয়েছে। প্রবা ফটো
সাংগঠনিক গতি বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মিসভা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুসের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি কোহিনূর আক্তার রাখির সভাপতিত্বে এই কর্মিসভা হয়।
কোহিনূর আক্তার রাখি বলেন, ‘আজকের এ কর্মিসভার মূল লক্ষ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে রাজপথে সঙ্গী করে ফের শেখ হাসিনাকে নেতৃত্বে নিয়ে আসা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি নেই। তারপরও অনেক সুন্দর একটি আয়োজন করার জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের ক্রান্তিলগ্নে এবং উন্নয়নে কাজ করেছে। আমরা বিশ্বাস করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শেখ হাসিনার ম্যান্ডেট নিয়ে কাজ করবে। সামনে যে নেতৃত্বে আসবে, তাদের সাংগঠনিক কর্মকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও এগিয়ে নিয়ে যাবে।’
সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়। জীবনবৃত্তান্ত জমা নেওয়ার পর কর্মিসভা সমাপ্ত ঘোষণা করা হয়।
সার্বিক পরিস্থিতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আজকে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি পুলিশ প্রশাসন মাঠে ছিল। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে আমরা শিক্ষার্থীদের কর্মিসভায় ঢুকিয়েছি। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’
কর্মিসভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি কোহিনূর আক্তার রাখি ও মো. সুমন খলিফা (ওয়ালিউল সুমন), গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার প্রমুখ।
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কেন্দ্রীয় ১০ নেতাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মিসভার সমন্বয়কের দায়িত্ব দেন। এরপর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ কর্মিসভার সময়সূচি ঘোষণা দেওয়া হয়।