বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৬:০৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৭:১৫ পিএম
প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। প্রবা ফটো
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এই প্রতিযোগিতা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ, আশেপাশের স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতাটি প্রাক-প্রাথমিক শ্রেণি (বিষয় : উন্মুক্ত), প্রথম-দ্বিতীয় শ্রেণি (বিষয় : জাতীয় স্মৃতি সৌধ) এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি (বিষয় : ১৯৭৫ সালের শোকাবহ ১৫ আগস্ট) ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ছবি আঁকার মাধ্যম হিসেবে জলরঙসহ যে কোনো প্রকার রঙ ব্যবহার করা হয়। ছবি আঁকার কাগজ কর্তৃপক্ষ সরবরাহ করে।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী, অনুষদভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা, বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রী হলে আমলকি, আমড়া ও জলপাই গাছের চারা রোপণসহ নানা কর্মসূচি পালন করা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, ‘আজ ইতিহাসের নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের দিন। বাঙালির অশ্রুসিক্ত হওয়ার দিন। ১৯৭৫ সালের এদিনে দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে ধানমন্ডির নিজ বাসভবনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণ করেন। আজ তার ৪৮তম শাহাদাতবার্ষিকী। আজকের এই শোকাবহ দিনে আমি জাতির পিতার প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার সঙ্গে শাহাদাতবরণকারী সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’