বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ০১:২৫ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১০:৪২ এএম
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবিতে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবা ফটো
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মশাল মিছিলটি টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, চারুকলা অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার ও শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেঘমল্লার বসু বলেন, ‘মত প্রকাশের জন্যই আমরা গ্রেপ্তার হচ্ছি। আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী প্রপ্তি তাপসী বলেন, ‘কিডনির সমস্যায় ভুগলেও জামিন পাননি খাদিজা। আমরা এখনও খাদিজার দোষ জানি না।’
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুই মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে আছেন জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। গত বছর ২৭ আগস্ট রাতে নিউমার্কেট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইতোমধ্যে ঢাকার একটি আদালতে খাদিজার জামিন আবেদন কয়েক দফায় নাকচ হয়েছে।