বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ২১:২৮ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ২১:৩৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটক। ফাইল ফটো
২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রীয় ও তিনটি ইউনিট ভিত্তিক কমিটিও গঠন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে শনিবার (৮ এপ্রিল) সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। অধিকাংশ সিন্ডিকেট সদস্য উপস্থিত থাকতে পারবেন না বলে সভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।
শনিবার (৮ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কোনোরকম আগাম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করেই সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছিল। আজ সভা হলে অধিকাংশ সিন্ডিকেট সদস্য উপস্থিত থাকতে পারতেন না, সেজন্য সভা স্থগিত করা হয়েছে।’
তবে সভা স্থগিতের কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি সিন্ডিকেট সদস্যদের। একাধিক সিন্ডিকেট সদস্যরা জানিয়েছেন, রেজিস্ট্রার দপ্তর থেকে সিন্ডিকেট সভা স্থগিতের খবর জানালেও কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। কবে নাগাদ আবার এই সভা অনুষ্ঠিত হবে সেই বিষয়েও জানায়নি কর্তৃপক্ষ।
বিজ্ঞান অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘সিন্ডিকেট সভাটি স্থগিত হয়েছে। একজন ডেপুটি রেজিস্ট্রার ফোন করে আমাকে জানিয়েছেন। কেনো স্থগিত করা হলো বা এরপর কবে সিন্ডিকেট সভা হবে তা জানানো হয়নি।’
একই কথা বলেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা।
এ বিষয়ে জানতে সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানানো সম্ভব হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ৬৫তম একাডেমিক কাউন্সিলে (বিশেষ) গুচ্ছে থাকার পক্ষে মত দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে ‘হেনস্তার’ অভিযোগ ওঠে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
তবে অভিযুক্ত শিক্ষকরা বিষয়টি অস্বীকার করেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপিও দেন।