বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২২:২৬ পিএম
আরাফাত সিয়াম। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল থেকে আরাফাত সিয়াম নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিয়াম পদার্থ বিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি হলের বি ব্লকের ১১৫ নম্বর কক্ষে থাকতেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ওই কক্ষ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে সিয়ামের কক্ষের দরজা বন্ধ পায় তার সহপাঠীরা। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে সিয়ামের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জাবি মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সিয়ামের পড়ার টেবিলের উপর ‘ডেথ : অ্যান ইনসাইড স্টোরি’ নামে ভারতীয় লেখক সদগুরুর লেখা একটি বই পাওয়া যায়। এর আগে সোমবার (৩ এপ্রিল) ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সিয়াম। সেখানে আধ্যাত্মিকতা চর্চার বিভিন্ন বিষয়, মৃত্যু, আত্মা, দেহ, জীবনের উদ্দেশ্য, মেডিটেশন ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করেন।
হলের প্রভোস্ট ওবায়দুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, তার পরবিবারের একজন সদস্যের সঙ্গে কথা হয়েছে। তিনি ঢাকা থেকে আসছেন। তিনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।