জাবিতে মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচন চেয়ে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৫:১৪ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৫:২০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচন চেয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যের নিকট দাবি জানানোর অনুরোধ জানিয়েছেন বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৫ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বরাবর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান স্বাক্ষরিত এক চিঠিতে এই দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে ১৯৭৩-এর অ্যাক্ট, অর্ডিন্যান্স ও সংবিধিকে সমুন্নত রাখা অতীব গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটি গণতান্ত্রিক পর্ষদের (সিনেট, সিন্ডিকেট, শিক্ষা-পর্ষদ, ডীন, অর্থ কমিটি ইত্যাদির) মেয়াদ পাঁচ বছর আগে ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণ হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, অনেকদিন বিভিন্ন গণতান্ত্রিক পর্ষদের দায়িত্বে থাকা বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের এই গণতন্ত্রহীনতায় বিচলিত হবেন এবং নিষ্ঠার পরিচয় দিয়ে আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত না করে বিভিন্ন বিভাগ, অফিস ও আবাসিক হলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ায় ১৯৭৩-এর অ্যাক্ট মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে আমরা মনে করি।
অতএব, মেয়াদোত্তীর্ণ সকল পর্ষদের নির্বাচন আয়োজন করার জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে দাবি জানানোর অনুরোধ করছি।
শিক্ষক সমিতির সভাপতি ফরিদ আহমদ বলেন, ‘আমরা যখন পহেলা ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছি তখন উপাচার্য মহোদয় আমাদের চা খাওয়ার দাওয়াত দিয়েছিলেন। তখনই আমরা সকল পর্ষদের নির্বাচনের দাবি জানিয়েছি তার কাছে। তাদের বিবৃতি দেওয়ার আগে থেকেই শিক্ষক সমিতি এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছে।’
ইতোপূর্বে ২ মার্চ ‘অনতিবিলম্বে সমাবর্তনের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে উন্মুক্ত করার ও মেয়াদোত্তীর্ণ সকল গণতান্ত্রিক পর্ষদের নির্বাচন সম্পন্ন করার দাবি’ শীর্ষক এক বিবৃতি দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। যার জবাবে ৮ মার্চ ‘লিফলেটের মাধ্যমে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নিজেদের অসততাকেই উন্মুক্ত করেছেন’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। শিক্ষক পরিষদের বিজ্ঞপ্তির জবাবে ১৩ মার্চ ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের অযাচিত বিবৃতি বিষয়ে আমাদের বক্তব্য’ শীর্ষক এক বিবৃতি দেয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।