রাজশাহী প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ১৩:৩০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৩ ১৪:৪২ পিএম
রাজশাহী কলেজ থেকে ভর্তি পরীক্ষা শেষে বের হচ্ছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
রাজশাহীতে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল কলেজে (এমবিবিএস কোর্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে অধিকাংশ পরীক্ষার্থীর দাবি, পূর্ণ সিলেবাস থেকেই এসেছে প্রশ্ন। তারা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিলেও ভর্তি পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাসের ওপরই প্রশ্ন করা হয়েছে। এতে তাদের পরীক্ষা খারাপ হয়েছে।
সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী জলি জানান, ২০২২ সালে তিনি সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তার মতো সবাই একই সিলেবাসে পরীক্ষা দেন। এরপর তিনি যেসব শিক্ষক বা কোচিং সেন্টারে ভর্তির প্রস্তুতির জন্য কোচিং করেছেন, সেসব স্থানে তাকে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে বলে জানান। তবে পরীক্ষায় আসা প্রশ্ন অধিকাংশই ছিল সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে।
সরকারি সিটি কলেজের শিক্ষার্থী তরিকুল জানান, গত বছরের তুলনায় এবারের প্রশ্নের মান অনেক কঠিন হয়েছে। এইচএসসির পর ভর্তি পরীক্ষার জন্য সময় কম থাকে। সারা বছর সংক্ষিপ্ত সিলেবাস পড়াশোনা করে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়েছে। পরীক্ষা খারাপ হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও এডিএস রফিকুল আলম বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের কঠোর নিরাপত্তা ও তল্লাশির মধ্য দিয়ে কেন্দ্রে প্রবেশ করানো হয়। এ ছাড়া প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে প্রস্তত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এবার রাজশাহী নগরীর সাত কেন্দ্রে ১১ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। কেন্দ্রগুলো হলো : রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।