ইবিতে ছাত্রী নির্যাতন
কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩১ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
ছাত্রী নির্যাতনের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে আজ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. শামসুল আলম।
তিনি জানান, দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি গতকাল রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে এ মুহূর্তে সংশ্লিষ্ট বিষয়ে কিছু বলা যাবে না।
দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব হলটির উপ-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গত রাতেই সিলগালা করা খামে প্রভোস্ট স্যারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে ভুক্তভোগী, অভিযুক্ত, হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য ও তথ্য-উপাত্ত রয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় ৩টা পর্যন্ত প্রথম বর্ষের এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও বিবস্ত্র করে তা ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভুক্তভোগী ওই ছাত্রী ভয় পেয়ে পরদিন সকালে হল ছেড়ে বাসায় চলে যান।
এরপর ১৩ ফেব্রুয়ারি র্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার বিচার ও নিরাপত্তা চেয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত আবেদন দেন তিনি।
এ ঘটনা তদন্তে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইবি শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। পরে উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে একজন বিচারিক হাকিম, একজন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সমন্বয়ে পৃথক আরও একটি ৩ সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।