রংপুর অফিস
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৫ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ফাইভ কমেছে। এ বছর পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ। গত বছর ৯২ দশমিক ৪৩ শতাংশ ছিল। এই হিসাবে এবার ১৩ দশমিক ৩৫ শতাংশ পাসের হার কমেছে।
এদিকে পাসের হারের দিক থেকে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাসের হার ৭৬ দশমিক ৮ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১৩ শতাংশ। এ বছর পরীক্ষা দিয়েছে ৯৯ হাজার ৭০৫ জন । এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল ২৫ হাজার ৫৮৬ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ ফাইভ কমেছে ১৩ হাজার ৭৬৫ জন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবার দিনাজপুর বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৬ হাজার ২৫৫ জন ছাত্রী এবং ৫ হাজার ৫৭৬ জন ছাত্র পেয়েছে জিপিএ ফাইভ। শতভাগ পাস করা কলেজের সংখ্যা ২৪টি। ১৩টি কলেজ থেকে কেউ পাস করেনি।
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। প্রতিবারের মতো এবারও রংপুর ক্যাডেট কলেজে ৫৩ জন পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ পাস এবং শতভাগ শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদ্রাসায়, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, মেকুরা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ফলও ভালো হয়েছে।