প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৪:০৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৫:২৪ পিএম
ওরিয়ন ট্রেক উইথ নিশাত বিষয়ক সংবাদ সম্মেলনে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
নতুন শিক্ষা কার্যক্রম থেকে ধর্মশিক্ষা বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মশিক্ষা বাদ দেওয়ার যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়। এটা সম্পূর্ণ গুজব। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে শনিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী প্রচারণার অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে। তারা আর কোনো ইস্যু খুঁজে না পেয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। যেখানে ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। এটি একেবারেই সত্য নয়। নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল, সেগুলো ইতোমধ্যে আমরা জনগণের সামনে তুলে ধরেছি।
নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার পরিধি আরও প্রসারিত হবে উল্লেখ করে দীপু মনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান-দক্ষতা, মূল্যবোধ প্রসারিত করতে আমরা কাজ করছি। এই শিক্ষাক্রমে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ এগুলো একেবারেই অবিচ্ছেদ অংশ। এগুলো থাকছে।
ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না উল্লেখ করে তিনি বলেন, দক্ষতা ও জ্ঞানকে যেভাবে প্রসারিত করা হচ্ছে, সেখানে কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করার তথ্য একেবারেই সঠিক নয়।
এ সময় শিক্ষামন্ত্রী নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞার মানাসলু যাত্রার বিষয়ে বলেন, নারীরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৯ আগস্ট নিশাত মজুমদার ও পারমিতা প্রজ্ঞা মানাসলু জয়ে যাবেন। তারা বাংলাদেশের পতাকা ওড়াবেন পর্বত চূড়ায়। নিশাত জয় করে আসবেন আর আমরা তার গল্প শুনব। নিশাত শুধু পর্বতজয়ী নারী নন বরং আমাদের সবার অনুপ্রেরণা।
তিনি বলেন, মানুষ স্বপ্ন দেখায় আর বঙ্গবন্ধু সব বাধাকে অতিক্রম করে জয় করা শিখিয়েছেন। প্রধানমন্ত্রী সেই স্বপ্ন দেখাচ্ছেন জাতিকে। আর বাঙালি সাধারণ মেয়ে অথচ দুঃসাহসী কাজ করেন নিশাতরা।
প্রবা/রাই/ এসআর