জবি প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:৪৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীকে দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি। প্রবা ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীকে দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক হেনস্তা শিকার হন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন ও সভাপতি মো. ইব্রাহীম ফরাজির অনুসারী ইমরুল নিয়াজের মধ্যে এক নবীন শিক্ষার্থীকে নিয়ে প্রথমে হাতাহাতি হয়। এর জেরে দুই গ্রুপের মধ্যেও হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।
দৈনিক জনবানীর প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্য রিদুয়ান ইসলাম ঘটনার ভিডিও ধারণকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারী, পরিসংখ্যান বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম ও ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানিম ফারহান তাকে হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সাংবাদিক রিদুয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালনের সময় শাহিন আলম ও তানিম ফারহান এসে ধাক্কা দেয়। আমার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তেমন বড় কোনো ঝামেলা না। যার সঙ্গে এমন ভুল বোঝাবুঝি হয়েছে তার সঙ্গে দেখা করে সমস্যার সমাধান করা হবে।’
সভাপতি ইব্রাহীম বলেন, ‘ঘটনার সময় আমিও সেখানে ছিলাম। ছাত্রলীগকর্মীরা ওই সাংবাদিককে চিনতে পারেনি, তাই এমন ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করে দিয়েছি যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সবসময়ই কর্মীদের নির্দেশনা দেই।’