জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামের এক যুবদল নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়। পরে ভবিষ্যতে আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে এবং লিখিত মুচলেকা প্রদান করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখা সূত্র জানায়, ঘটনার সময় দেবাশীষ চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে এসেছিলেন। বটতলায় খাবার খাওয়ার পর তিনি দুই নারী শিক্ষার্থীর অজান্তে তাদের ছবি তোলেন। বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীরা তাকে আটক করেন।
নিরাপত্তা অফিসে দেওয়া লিখিত স্বীকারোক্তিতে দেবাশীষ চৌধুরী বলেন, “আমি বটতলায় খাওয়া-দাওয়া করেছি। খাওয়া-দাওয়া করার পরে আমি কিছু মেয়ের গোপনে ছবি তুলেছি। এই ছবিগুলো আমার তোলা ঠিক হয়নি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কখনও আমি ছবি তুলতে ক্যাম্পাসে আসব না। এমনকি পুরো বাংলাদেশে আর কখনও কারও অনুমতি ছাড়া এভাবে ছবি তুলব না।”
আটকের সময় দেবাশীষ চৌধুরী ও তার সঙ্গীর কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে নিরাপত্তা অফিসে আনা হয়। তিনি নিজের অপরাধ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর কখনো তিনি বা তার গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করবে না—এই মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।