ঢাকা শিক্ষা বোর্ড লোগো। ফাইল ছবি
চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের দুর্ভোগ কমাতে নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এখন থেকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বসার চেয়ার ও রোদ-বৃষ্টি থেকে বাঁচতে শেড বা ছাউনি স্থাপন করতে হবে।
একই সঙ্গে কেন্দ্রের বাইরের ভিড় সামলানো এবং শৃঙ্খলা রক্ষায় রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো এক জরুরি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
বোর্ডের আদেশে বলা হয়েছে, বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে, পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করার পর দীর্ঘ সময় অভিভাবকরা বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে বসার জায়গা বা ছাউনি না থাকায় তীব্র রোদ কিংবা বৃষ্টির মধ্যে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়।
এছাড়া কেন্দ্রের বাইরে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না থাকায় প্রায়ই অনাকাঙ্ক্ষিত জটলা ও জনদুর্ভোগ তৈরি হচ্ছে।
এই পরিস্থিতি নিরসনে এবং অভিভাবকদের কষ্টের কথা বিবেচনা করে প্রতিটি কেন্দ্রের বাইরে প্রয়োজনীয় চেয়ার ও শেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র প্রধানদের বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।